১১ পাসপোর্ট দালালের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁওয়ে গতকাল বুধবার সকালে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ দালাল চক্র অনেক দিন থেকে আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ের সামনের সারিতে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা দিয়ে দেওয়া ছাড়াও দুই থেকে ছয় হাজার টাকায় পুলিশের যাচাই প্রতিবেদন করিয়ে দেওয়ার জন্য প্রলুব্ধ করছিল। বিষয়টি জেনে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে।
তাঁদের মধ্যে আটজনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজনকে দুই থেকে তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা জরিমানার টাকা দিয়ে ছাড়া পান বলে র‌্যাব জানায়। এর আগে গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে ২০৭ দালালকে গ্রেপ্তার করা হয়েছিল।