রাজধানীর ইব্রাহিমপুরের ক্লাব থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ সদস্যের চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর কমিশনারের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জড়িত ১১ সদস্যের মধ্যে সহকারী কমিশনারসহ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ এবং অন্য ব্যক্তিদের বদলি করার সুপারিশ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ১৮ এপ্রিল ইব্রাহিমপুরের পুল পার এলাকায় নিউ ওয়েভ নামের একটি ক্লাবে আসেন ডিএমপির ১১ জন সদস্য। তাঁরা গ্রেপ্তার ও গুলি করার ভয় দেখিয়ে ক্লাবের লোকজনের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। তাঁরা ক্লাবের ৪ জন সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যান। এই ৪ জনসহ অভিযুক্ত ১১ জন একটি মাইক্রোবাসে করে যাওয়ার সময় মিলিটারি পুলিশ মাইক্রোবাসটি আটকায়। একপর্যায়ে পুলিশের ১১ সদস্যকে আটক করে কাফরুল থানায় সোপর্দ করে মিলিটারি পুলিশ।
পরদিন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং অভিযুক্ত ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। ছয় কার্যদিবস তদন্তে কমিটি অভিযুক্ত ডিবি (পূর্ব) সহকারী কমিশনার রুহুল আমিন সরকার, পরিদর্শক মো. গিয়াসউদ্দিন, উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক লুৎফর রহমান, মাহবুবুর রহমান ও তোফাজ্জল হোসেন, কনস্টেবল আবদুল লতিফ, আজিজুল হক, জাহাঙ্গীর আলম খান, তৌহিদুল ইসলাম ও জিল্লুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখতিয়ার-বহির্ভূতভাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পুলিশের এই ১১ সদস্য ক্লাবটিতে গিয়েছিলেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।