১১ বছরের শিশুকে চোখে আঘাত, হত্যা
বরগুনায় রবিউল আউয়াল নামে ১১ বছরের এক শিশুকে চোখে আঘাত করে হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় তালতলী উপজেলার আমখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাছ চুরির অপবাদে স্থানীয় এক ব্যক্তি বাচ্চাটিকে এই বীভৎস কায়দায় মেরে ফেলেছে বলে পরিবারের অভিযোগ। পুলিশ বলছে, শিশুটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সুটকেসের ভেতর এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তার বুকে ও কপালে ছ্যাঁকার দাগ রয়েছে। পিঠে ও থুতনিতেও জখমের চিহ্ন ছিল। এ ঘটনার এক দিন পার না হতেই বরগুনায় চোখ উপড়ানো শিশুর লাশ উদ্ধারের এই ঘটনা ঘটল।
রবিউলের বাবা দুলাল হোসেন জানান, গত সোমবার রাত আটটার দিকে ঘর থেকে পাশের ঘেরের উদ্দেশে বের হয় রবিউল। পরে আর না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় ছোট আমখোলা এলাকায় সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুছ ফরাজীর মাছের ঘেরে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেন। তালতলী থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। রবিউলের বাঁ চোখটি উপড়ে ফেলা হয়েছে এবং চোয়ালের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শিশুটিকে উদ্ধারের পর বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, বাচ্চাটির চোখের স্থান ও মাথায় জখম রয়েছে। এতে তাঁদের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়।
ওসি আরও জানান, গতকাল বুধবার দুপুরে রবিউলের বাবা থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মিরাজ হোসেন নামে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর বাবাকে আটক করে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর মিরাজকে গ্রেপ্তার দেখানো হয়। আর জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তাঁর বাবাকে। মামলায় মিরাজ ছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিউলের মা মোর্শেদা বেগম অভিযোগ করে বলেন, তাঁর ছেলে একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। আমখোলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ গ্রামের খালে চাঁই ও জাল পেতে নিয়মিত মাছ ধরে। কয়েক দিন আগে মিরাজের চাঁই থেকে কে বা কারা মাছ চুরি করে। এতে সে রবিউলকে সন্দেহ করে। এ নিয়ে রবিউল নিখোঁজ হওয়ার দুই দিন আগে মিরাজ বাড়িতে এসে আবার মাছ চুরির ঘটনা ঘটলে রবিউলকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। সোমবার রাতেও রবিউলকে খোঁজাখুঁজি করে মিরাজ। মঙ্গলবার রবিউলের লাশ পাওয়ার পর মিরাজ আত্মগোপনের চেষ্টা করে।
সোনাকাটা ইউপির চেয়ারম্যান ইউনুছ ফরাজী বলেন, ‘যে ঘেরটিতে শিশুটির লাশ পাওয়া গেছে তা কয়েক বছর আগে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে আমি ঘের করেছিলাম। দুই বছর আগে আমার ইজারার মেয়াদ শেষ হওয়ায় ওই জমি স্থানীয় ভূমিহীনদের মধ্যে সরকার বন্দোবস্ত দিয়েছে।’
নৃশংস এ হত্যার ঘটনার পর বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।