১১ মাসে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছে জলদস্যুরা
সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুরা অপহরণ, লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে পাঁচ জেলার জলদস্যুেদর কাছ থেকে গত ১১ মাসে শতকোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে বলে মৎস্যজীবী, ট্রলার মালিক সমিতি ও বেসরকারি সংস্থা সূত্রে জানা গেছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সূত্র জানায়, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা জেলার কমপক্ষে সাড়ে সাত হাজার ট্রলার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরে। এর মধ্যে দেড় হাজার ট্রলার মালিককে দুটি মৌসুমে (আষাঢ়-কার্তিক পর্যন্ত ‘ইলিশ’ ও অগ্রহায়ণ-জ্যৈষ্ঠ পর্যন্ত ‘পৌষ মৌসুম’) দস্যুদের টাকা দিতে হয়। দুই মৌসুমের জন্য দুটি টোকেন। প্রতি টোকেনের জন্য ট্রলার মালিকদের ৪০ হাজার টাকা করে গুনতে হয়। বাগেরহাট, পাথরঘাটা, শরণখোলা প্রভৃতি জায়গার জেলেরা দস্যু দলের প্রতিনিধিদের কাছ থেকে টোকেন সংগ্রহ করেন। এ খাত থেকে দস্যুরা চাঁদা তোলে প্রায় ১২ কোটি টাকা।
সমিতির হিসাবে, চলতি বছর দক্ষিণ উপকূলে এসব দস্যু বাহিনীর হাতে অপহৃত হন দুই হাজার ২৯০ জেলে। এসব জেলেকে পাঁচ থেকে সাত লাখ টাকা পণ দিয়ে মুক্ত করতে হয়েছে। গড়ে পাঁচ লাখ টাকা হিসাবে দস্যুরা পণ আদায় করেছে ১১৪ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত দস্যুরা ২৫৬টি মাছ ধরার ট্রলার লুট করে হাতিয়ে নেয় প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার সমপরিমাণ মাছ ও জাল।
দস্যু বাহিনীর তাণ্ডবে দক্ষিণ উপকূলের জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা নিঃস্ব হওয়ার পথে। বাগেরহাটের শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, সরকার সামুদ্রিক মৎস্য খাত থেকে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা আয় করলেও জেলে-ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারছে না। ফলে অনেকে ট্রলার বিক্রি করে দেওয়ার চিন্তা করছেন। বরগুনা সদরের ট্রলার মালিক আবদুর রব জানান, চাঁদাবাজি ও মুক্তিপণের টাকা গুনতে গুনতে গত চার বছরে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাই এবার ট্রলার ও জাল বিক্রি করে অন্য ব্যবসা শুরু করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে পাথরঘাটার অপর এক ট্রলার মালিক জানান, ১৪ নভেম্বর তাঁর ট্রলারের মাঝি ও এক জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর সাড়ে দশ লাখ টাকা পণ দিয়ে মুক্ত করে এনেছেন। অথচ গত ইলিশ মৌসুমে তিনি আয় করেছেন আড়াই লাখ টাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, দক্ষিণ বঙ্গোপসাগর ও উপকূলে বর্তমানে চারটি বাহিনী সক্রিয় রয়েছে। তারা হলো রাজু বাহিনী, ফেরাউন বেলাল বাহিনী, দারোগা বাহিনী ও বনরাজা বাহিনী। এদের মধ্যে সবচেয়ে বড় ও দুর্ধর্ষ রাজু বাহিনী। এর পরে আছে ফেরাউন বেলাল বাহিনী। এ ছাড়া মাঝেমধ্যে ফরহাদ, বিল্লাল, শহিদুল, জাহাঙ্গীর, আউয়াল, মোশাররফ, রুবেল, শীর্ষ ও রেজাউল বাহিনী সক্রিয় হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আগে পণ হিসেবে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা নেওয়া হতো। এখন পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পণ আদায় করছে দস্যুরা। এভাবে চলতে থাকলেও কোন ভরসায় জেলেরা সাগরে যাবেন আর কোন ভরসায়ই বা আমরা ব্যবসা করব?’ উপকূলে মৎস্যজীবীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম বলেন, ‘উপকূলের জেলেদের কাছ থেকে জলদস্যুরা টোকেন দিয়ে চাঁদা তোলা, অপহরণ করে পণ আদায় এবং ট্রলারে লুটপাট চালিয়ে বছরে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এটা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে।’