১১ মাসে ২৩ বড় ছিনতাই
>ঘটনা ঘটেছে রাজধানী ও আশপাশে, লুট হয়েছে আড়াই কোটি টাকা, নিহত ২, আহত ৩০
এ বছরের ১১ মাসে রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত ২৩টি বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় লুট হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। আর ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন দুজন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। কিন্তু ছিনতাই হওয়া এসব টাকার অধিকাংশই পুলিশ উদ্ধার করতে পারেনি।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বড় ছিনতাইয়ের ঘটনার মধ্যে সাভার ও আশুলিয়ায় দুটি ঘটনায় ৪১ লাখ, নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে দুই ঘটনায় ৩৮ লাখ ৪৭ হাজার, টঙ্গীর দুই ঘটনায় ৬০ লাখ ৪৭ হাজার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের তিনটি ঘটনায় ১৮ লাখ ৯০ হাজার, ওয়ারী বিভাগে একটি ঘটনায় সাত লাখ, মিরপুর বিভাগে চারটি ঘটনায় ২৬ লাখ ৯০ হাজার, তেজগাঁও বিভাগে একটি ঘটনায় ১৫ লাখ, গুলশান বিভাগে তিনটি ঘটনায় ৯ লাখ ২০ হাজার, লালবাগ বিভাগে একটি ঘটনায় ১ লাখ ৬০ হাজার, উত্তরা বিভাগের একটি ঘটনায় ৫ লাখ এবং মতিঝিল বিভাগের বনশ্রীতে ৩৪ লাখ টাকা ছিনতাই হয়।
বনশ্রীর ছিনতাই সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান বলেন, বনশ্রীর একটি ব্যাংক থেকে প্রায় ২০ লাখ টাকা তুলে রিকশায় রামপুরা টেলিভিশন রোডের কারখানায় যাচ্ছিলেন কারখানাটির কর্মকর্তা সাইফুল ইসলাম। পথে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক এসে রিকশার গতিরোধ করে এবং সাইফুলের পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।
চলতি বছর সবচেয়ে বড় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ৪ ফেব্রুয়ারি টঙ্গীর মিলগেট এলাকায়। ওই দিন বেলা একটার দিকে মাইক্রোবাসে ৪০ লাখ ৩৮ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন একটি পোশাক কারখানার ছয়জন কর্মকর্তা-কর্মচারী। মিলগেট এলাকায় মাইক্রোবাসটি সিগন্যালে আটকা পড়লে অস্ত্রধারী ছয়জন তিনটি মোটরসাইকেলে এসে এই টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর টঙ্গী থানায় একটি মামলা হয়েছিল। কিন্তু সেই টাকা আর উদ্ধার হয়নি।
গত ১৩ মার্চ পশ্চিম হাজীপাড়া ১ নম্বর ডিআইটি রোডে ছিনতাইয়ের শিকার হন ইসমাইল হোসেন (৩৫)। তিনি পশ্চিম রামপুরার বাংলাদেশ স্যানিটারি নামক প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক ছিলেন। ছিনতাইকারীরা তাঁকে গুলি করে তাঁর সঙ্গে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসমাইলের খালাতো ভাই আবদুল মোতালিব বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে রমনা থানায় মামলা করেন। গত ২০ নভেম্বর মোতালিব প্রথম আলোকে বলেন, রমনা থানায় কিছুদিন তদন্তের পর মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, টাকাও উদ্ধার হয়নি।
চলতি বছর সবচেয়ে বেশি ছিনতাইয়ের শিকার হয়েছেন মুঠোফোন ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মাঠপর্যায়ে টাকা সংগ্রহের পর তাঁরা আক্রান্ত হয়েছেন বেশি। মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত প্রতিনিধিদের কাছ থেকে বড় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর। ওই দিন টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে কাজ করা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে ২০ লাখ ৯ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিতে নিরাপত্তারক্ষী (৫০) আবদুল হামিদ মারা যান। এ ঘটনায় টঙ্গী থানায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) জহুরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাঁরা জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এখনো ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যায়নি এবং ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়নি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, নগদ টাকা হাতে পাওয়ার পর ছিনতাইকারীরা দ্রুত টাকা খরচ করে ফেলে। তাই টাকা উদ্ধারে সমস্যা হয়। তবে কিছু কিছু ঘটনায় পুলিশ টাকা উদ্ধার করেছে।