বরিশালে মুঠোফোন নম্বর ক্লোন করে এমন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১১ লাখ টাকা। এ ছাড়া ল্যাপটপ, মুঠোফোন, ডেবিট-ক্রেডিট কার্ড, চার শতাধিক মুঠোফোন সিম উদ্ধার করা হয়।
গত রোববার শরীয়তপুর থেকে আরিফ হাওলাদার ও জাহিদুল ইসলাম এবং গাজীপুর থেকে আবু হানিফকে গ্রেপ্তার করে জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞ দল। পুলিশ জানায়, বিশেষ সফটওয়্যার ব্যবহার করে প্রতারক চক্র জনপ্রতিনিধিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১১ লাখ টাকা, ৩টি ল্যাপটপ, ১০টি মুঠোফোন, পেঙ্গুইন নামের বিশেষ সফটওয়্যার, ১টি ডেবিট কার্ড, ১টি ক্রেডিট কার্ড এবং ভুয়া নামে নিবন্ধন করা বিভিন্ন কোম্পানির ৪৫৯টি মুঠোফোন সিম কার্ড উদ্ধার করা হয়।
এর আগে গত ১৫ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এ চক্রের অন্যতম হোতা শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।