১১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা
লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো এবং হেলমেট না পরার অভিযোগে গতকাল শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তিনটি ভ্রাম্যমাণ আদালত আলাদা জায়গায় ১১০ জন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা এবং ৯২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছেন।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে মহানগরীর আগারগাঁও এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ৪৯ জন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে ৪৯টি মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে বিআরটিএর ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ঢাকা মহানগরীর আরামবাগ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৭ জন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে ৩৭টি মামলায় ২৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমানের নেতৃত্বে আরেক অভিযানে ভ্রাম্যমাণ আদালত রমনা এলাকায় ২৪ জন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে ২৪টি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।