
বান্দরবানের আটটি সড়কের ১১০টি বেইলি সেতু নির্মাণ করা হয়েছিল তিন দশক আগে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, সব কটি সেতুই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ৩৪টি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সওজের বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, আশির দশকে অস্থায়ী ভিত্তিতে নির্মিত সব বেইলি সেতুই কম-বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বারবার সংস্কার করার পরও সেতুগুলো প্রায় সময় ভেঙে পড়ছে এবং সড়কযোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। বান্দরবান-রাঙামাটির সড়কের ঘাগড়া এলাকায় একটি সেতু তিন মাস আগে ধসে পড়ে। তখন থেকে বান্দরবান-রাঙামাটি সরাসরি সড়কযোগাযোগ বিচ্ছিন্ন।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জি বলেন, মারাত্মক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ অথবা সংস্কারের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
সওজ সূত্র জানায়, বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের ঝুঁকিপূর্ণ ৪০টি সেতুর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ ১৩টি। বান্দরবান-রাঙামাটি সড়কে ২৬টির মধ্যে মারাত্মক ঝুঁকিতে আছে পাঁচটি। এ ছাড়া চিরিঙ্গা-লামা-আলীকদম সড়কের চারটির মধ্যে দুটি, কেরানীহাট-ধোপাছড়ি-ডলুপাড়া সড়কের ছয়টির মধ্যে চারটি, বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ১২টির মধ্যে পাঁচটি, বার আউলিয়া-টঙ্কাবতী সড়কের পাঁচটির মধ্যে একটি, আজিজনগর-গজালিয়া-লামা সড়কে ১৫টির মধ্যে তিনটি ও রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের দুটির মধ্যে একটি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সূত্র জানায়, বেইলি সেতু মূলত অস্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়। কিন্তু বান্দরবানের বেইলি সেতুগুলো কয়েক দশক ধরে সংস্কার করে চালু রাখা হয়েছে। বেশি পুরোনো হওয়ায় এখন সংস্কার করলেও টেকসই হচ্ছে না।
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের লাইনম্যান রাসেল আহমদ, রুমার গাড়িচালক জহির উদ্দিন বলেন, মাঝেমধ্যে সেতুগুলো ভেঙে পড়ে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন মানুষ চরম ভোগান্তির শিকার হয়। গত ২১ ফেব্রুয়ারি বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামাপাড়ায় নোয়াপতং খালের সেতু ধসে প্রায় তিন মাস গাড়ি চলাচল বন্ধ ছিল। গত মাসেও ময়নাতলীতে সেতু ভেঙে প্রায় এক মাস বাস চলাচল করতে পারেনি।
সওজের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, অস্থায়ী ভিত্তিতে নির্মিত বেইলি সেতুগুলো প্রায়ই সমস্যার সৃষ্টি করছে। কোথাও ধসে পড়ছে, কোথাও পাটাতন খুলে যাচ্ছে। স্থায়ী সমাধানের জন্য সব বেইলি সেতুকে গার্ডার সেতুতে রূপান্তর করার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁরা শুনেছেন। তিনি বলেন, মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতুগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার।