
১১১ ঘণ্টা উৎকণ্ঠার পর শেষ হলো ‘অপারেশন টোয়াইলাইট’। গতকাল মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে জঙ্গিবিরোধী এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে সেনাবাহিনী। এর আগে বিকেলে ‘আতিয়া মহল’-এর ভেতরে থাকা দুই জঙ্গির ছিন্নভিন্ন লাশসহ ভবনটি পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।
গতকাল বিকেলে অভিযান শেষে রাত আটটার দিকে সিলেটের জালালাবাদ সেনানিবাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে বলা হয়, আতিয়া মহলে এখনো বিস্ফোরক থাকতে পারে। এগুলো পরিষ্কারের জন্য আরও নিবিড় তল্লাশি করা হবে। তা ছাড়া বিস্ফোরণে ভবনটি নড়বড়ে হয়ে গেছে। নিহত জঙ্গিদের মধ্যে প্রশিক্ষিত এবং বোমা বানাতে দক্ষ লোকও ছিল, যারা ওই ভবনে বসেই কিছু বোমা বানায়।
গতকালও সকাল থেকে দফায় দফায় ৮-১০টি বিস্ফোরণের পর ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। পুলিশ জানায়, ভবনের ভেতরে থাকা বিস্ফোরক (আইইডি) জঙ্গিদের পরনে থাকা সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করতেই এত শব্দ।
এদিকে অভিযানের সমাপ্তি ঘোষণার পর স্থানীয় লোকজন জানিয়েছেন, গত পাঁচ দিন উৎকণ্ঠা আর আতঙ্কে অনেকটা অবরুদ্ধ হয়ে দিন-রাত কেটেছে তাঁদের। অভিযান সফলভাবে শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে, আর ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়া অনেকেই ফিরে আসছেন। তবে এখনো জীবনযাত্রা স্বাভাবিক হয়নি।
সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে ওই অভিযানকে জাতীয় দুর্যোগে সামরিক-বেসামরিক মেলবন্ধনের অপূর্ব উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক (ডিএমআই) ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। এ সময় তাঁর পাশে বসা ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, র্যাব-৯-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দীনমণি শর্মা।
সংবাদ সম্মেলনে যা বলা হয়
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫ মার্চ পুলিশ সীতাকুণ্ডে যে জঙ্গি অভিযান চালায়, সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিববাড়ির ওই জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার রাত দেড়টা থেকে জঙ্গিদের ফ্ল্যাটটিতে তালা দিয়ে সেই ভবনটি ঘিরে রাখা হয়। এ সময় ভবনটিতে জঙ্গিরা ছাড়াও ২৮টি পরিবার ছিল। পুলিশ জঙ্গিদের সক্ষমতা ও ভবনের ২৮ পরিবারের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটকে ডাকে। এর মধ্যে জঙ্গিরা ফ্ল্যাটের দরজা ভেঙে ভবনের মূল ফটকে বিশাল আকারের বিস্ফোরক বসায়। এমনকি একটি ফ্রিজ ও মোটরসাইকেলে বিস্ফোরক লাগিয়ে পুরো ভবনটিই বিপজ্জনক করে তোলে। শুক্রবার বিকেল চারটার দিকে সোয়াটের সদস্যরা এসে সবকিছু বিশ্লেষণ করে সেনাবাহিনীর সাহায্য চান। পুলিশের অনুরোধে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল শনিবার সকাল থেকে অভিযান শুরু করে। একই সময়ে ঢাকা থেকে হেলিকপ্টারে একটি বিশেষায়িত দলকে আনা হয়। পুলিশ জানায়, ভবনের নিচতলায় তিনজন পুরুষ ও একজন নারী জঙ্গি প্রচুর বিস্ফোরক নিয়ে অবস্থান করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিকল্পনা করা হয়। দুটি বিষয় গুরুত্ব দিয়ে অভিযান সাজানো হয়—প্রথমত ভবনে অবস্থানরত পরিবারগুলোর নিরাপত্তা ও দ্বিতীয়ত জঙ্গিদের নির্মূল করা।

সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার ফখরুল বলেন, বারুদে ঠাসা ওই ভবন থেকে সাধারণ বাসিন্দাদের বের করে আনা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। শনিবার বেলা ১টার মধ্যে ভবন থেকে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী, ২১ জন শিশুসহ মোট ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। কমান্ডোরা জীবন বাজি রেখে অভিনব কৌশলে বৈরী আবহাওয়ার মধ্যে কাজটি নিরাপদে শেষ করেন। নিচতলার বাসিন্দাদের উদ্ধার করা ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরপর দ্বিতীয় পর্বে জঙ্গি নির্মূল অভিযান শুরু হয়। এ পর্বে সেনাবাহিনীর কমান্ডোদের পাশাপাশি সাঁজোয়া যানসহ বিশেষায়িত অনেক সদস্য যুক্ত ছিলেন। তিন দিন একটানা বিভিন্ন কৌশল প্রয়োগ করে সোমবার বিকেল চারটার মধ্যে চার জঙ্গিকে নির্মূল করা হয়। গতকাল জঙ্গি নির্মূল হলেও ভবনে অনেক বিস্ফোরক থাকায় আরও বিশদ তল্লাশির জন্য মঙ্গলবারও অভিযান চলে। মঙ্গলবার দুই জঙ্গির মৃতদেহ পুলিশের কাছে দেওয়া হলেও বাকি দুই জঙ্গির লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। লাশগুলোতে সুইসাইডাল ভেস্ট বাঁধা থাকায় সেগুলো বের করা ঝুঁকিপূর্ণ ছিল। পরে নিরাপত্তা বিবেচনায় ভবনের ভেতরেই সেসব সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটানো হয়। শুধু মঙ্গলবারই ১০টি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণের আগে প্রয়োজনীয় ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে।
নিহত চার জঙ্গির একজন মুসা
আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে একজন মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। তাঁরা জানান, মুসা যে ছবি দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই ছবির সঙ্গে পুলিশের কাছে থাকা ছবির মিল দেখে তাঁরা পরিচয় নিশ্চিত হয়েছেন। পুলিশের মতে, মুসা নব্য জেএমবির শীর্ষ নেতা। নব্য জেএমবির কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর মুসা নব্য জেএমবিকে গোছানোর চেষ্টা করছিলেন।
এ ছাড়া নিহত জঙ্গিদের মধ্যে বোমা কারিগর ছিলেন বলে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে জানানো হয়। সেখানে ব্রিগেডিয়ার ফখরুল বলেন, ওরা ওখানে বসেই কিছু বিস্ফোরক বানিয়েছে, জানাশোনা লোক সেখানে ছিল।