১১৫ সোনার বারসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় এক যাত্রীকে ১১৫টি সোনার বারসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। আজ রোববার সন্ধ্যায় বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে একটি লাগেজসহ ওই যাত্রীকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম বেলাল উদ্দিন (২৬)। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুবাই থেকে ওমান এয়ারলাইনসে করে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। তিনি শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এলাকায় যান। গোপন খবর পেয়ে র‌্যাব তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার ও ১৭৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কীভাবে ওই ব্যক্তি শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দিলেন—তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।