১২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় কলেজছাত্র সজল হাওলাদার (১৯) হত্যার ঘটনায় গত রোববার রাতে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক পরাজিত সদস্য প্রার্থীকে। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নিহত সজলের বাবা রফিকুল ইসলাম হাওলাদার বাদী হয়ে রোববার রাতে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে ওই ১২ আসামি সজলকে হত্যা করেছে। মামলার প্রধান আসামি পশ্চিম কামদেবপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম। তিনি মোল্লারহাট ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করে হেরে যান। নিহত সজল একই ওয়ার্ডের নির্বাচিত সদস্য মিজান আকন্দের সমর্থক ছিলেন।
পশ্চিম কামদেবপুর গ্রামের বাসিন্দা সজল নলছিটি ডিগ্রি কলেজ থেকে গত বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। গত বছর তিনি কোথাও ভর্তি হননি। এবার স্নাতকে (সম্মান) ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন। রোববার সকালে স্থানীয় মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনের মধ্যে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। গতকাল সকালে নিজ বাড়িতে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পশ্চিম কামদেবপুর গ্রামের শাহাদাৎ হোসেনকে (৩৫) গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।