১২ তলা থেকে গৃহবধূর লাফিয়ে পড়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের মামলায় স্বামী-শ্বশুরের সঙ্গে সমঝোতার ছয় মাস পর ১২ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ সুমাইয়া আক্তার ওরফে কামনা (২৫)। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার রাজ্জাক টাওয়ারের ১১ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন সুমাইয়া।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় একদল কর্মী। পরে পুলিশ ও জনতার সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।
সুমাইয়া আক্তার বলেন, স্বামী প্রতিনিয়ত তাঁকে নির্যাতন করেন। গালি দিয়ে কথা বলেন। চার দিন আগে স্বামী তাঁকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। এতে তাঁর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে
ওই গৃহবধূর স্বামী সৈয়দ কামরুল হাসান ওরফে তুষারের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।
গৃহবধূর শ্বশুর সৈয়দ নাজমুল হাসান ওরফে লোচন বলেন, ‘আমার ছেলে ও তাঁর স্ত্রীর শান্তির জন্য রাজ্জাক প্লাজার অষ্টম তলার একটি ফ্ল্যাট চার মাস আগে তাঁদের ভাড়া করে দেওয়া হয়। তবে সুমাইয়া প্রতিনিয়ত আমাদের ট্র্যাপে (ফাঁদ) ফেলার চেষ্টা করে। আমরা দুই নাতির দিকে তাকিয়ে সব অত্যাচার সহ্য করেছি। ওরা যে ভবনে থাকে সে ভবনের অন্য ভাড়াটের সঙ্গে কথা বললেই জানা যাবে সুমাইয়ার আচরণ কতটা খারাপ।’
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, গৃহবধূকে উদ্ধারের পর বাবা জালাল মোল্লার কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাবার বাড়ি শহরের লক্ষ্মীপুর এলাকার তকি মোল্লা সড়কে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, গতকালের ঘটনার পর ধারণা করা যাচ্ছে, ওই গৃহবধূ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাই এ ব্যাপারে নতুন করে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে না।