১২ দিন ধরে পঞ্চম শ্রেণির ছাত্র নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অলি উল্লাহ (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় গতকাল রোববার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা খাদিজা বেগম।
পরিবার, থানা-পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, অলি উল্লাহ ফরদাবাদ গ্রামের প্রবাসী বিল্লাল মিয়ার ছেলে। সে পাশের মুরাদনগর উপজেলার পিরপিরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে মুরাদনগরের আলীপুর গ্রামে তার মামার বাড়িতে থেকে পড়ালেখা করত। গত ৩০ আগস্ট বিকেল পাঁচটার দিকে সে মামার বাড়ি থেকে নিজ বাড়ি ফরদাবাদ গ্রামে যায়। পরদিন সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার গায়ের রং ফরসা। চার ফুট দুই ইঞ্চি লম্বা ছেলেটির গায়ে কালো রঙের গেঞ্জি ও বাদামি রঙের ফুল প্যান্ট ছিল।
অলি উল্লাহর মা খাদিজা বেগম বলেন, ‘অলি উল্লাহ হারিয়ে যাওয়ার পর সব আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজেছি। ৩ সেপ্টেম্বর ওর ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে এলাকায় লাগানো হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার এলাকায় মাইকিংও করানো হয়েছে। ও কোথায় হারিয়ে গেছে তা বুঝতে পারছি না।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘অলি উল্লাহ নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার মা থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’