১২ দিন পর জেলা পরিষদের জমি পুনরায় বেদখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশে দাপা-ইদ্রাকপুর মৌজায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের এক একর জমি ২ ডিসেম্বর রাতে আবারও অবৈধ দখলে চলে গেছে। মো. ইব্রাহীম নামের এক ব্যক্তি জমিটি দখল করে তাঁর নিজের প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড টাঙিয়েছেন।
এর আগে গত ১৯ নভেম্বর ওই জমিতে থাকা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর কার্যালয় গুঁড়িয়ে দিয়ে সেখানে প্রস্তাবিত নির্মাণাধীন বহুতল ভবনের সাইনবোর্ড টাঙায় জেলা পরিষদ। ওই জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।
জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই প্রথম আলোকে বলেন, মো. ইব্রাহীম ভুয়া কাগজপত্র দিয়ে জমিটি তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানের বলে দাবি করছেন। এর আগে কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান ওই জমির মালিকানা দাবি করেনি। চিস্তিয়া এন্টারপ্রাইজের পক্ষে মো. ইব্রাহীমের মালিকানা দাবি করার বিষয়টি রহস্যজনক। তিনি যেসব কাগজপত্র প্রদর্শন করেছেন, তার সবই ভুয়া। তদন্ত করলেই তা বেরিয়ে আসবে।
নিজেদের জমি হলে এত দিন কেন দখলে নেননি—জানতে চাইলে মো. ইব্রাহীম বলেন, ‘আমাদের খালি জমিতে যখন জেলা পরিষদ বহুতল ভবন নির্মাণের সাইনবোর্ড লাগিয়েছে, তখনই আমরা জমিতে আমাদের সাইনবোর্ড লাগিয়েছি।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, জমির মালিকানা নির্ধারণের দায়িত্ব পুলিশের নয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে।
নথিপত্র ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৩৩ সালে তৎকালীন ঢাকা জেলা পরিষদ ওই জমিটি অধিগ্রহণ করে। এক একর আয়তনের এই জমিটি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মামলা চলছিল। গত বছরের ২৫ অক্টোবর মামলার সর্বশেষ রায় জেলা পরিষদের পক্ষে আসে। জেলা প্রশাসক চলতি বছরের ২০ এপ্রিল রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন। মামলাটির এখনো নিষ্পত্তি হয়নি।
জমিটি ২০০৯ সাল পর্যন্ত জেলা পরিষদ বার্ষিক ভাড়ার ভিত্তিতে ইজারা দিত। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তৎকালীন সাংসদ (নারায়ণগঞ্জ-৪) কবরী জমিটিতে কার্যালয় নির্মাণ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। সাংসদ থাকাকালে কবরী ওই জমিটি তাঁর ছেলে সাকের ওসমান এবং গ্রিন ভ্যালি নামের একটি প্রতিবন্ধী সংগঠনের জন্য পৃথকভাবে ইজারা নেওয়ার আবেদন করলে জেলা পরিষদ তা অনুমোদন করেনি। ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম ওসমান সাংসদ হওয়ার পর থেকে কবরীর ওই কার্যালয়টি বন্ধ হয়ে যায়। ১৯ নভেম্বর জেলা পরিষদ কবরীর ওই কার্যালয়টি গুঁড়িয়ে দেয়। পরে আয় বাড়ানোর জন্য সেখানে প্রস্তাবিত বহুতল ভবনের সাইনবোর্ড লাগায় জেলা পরিষদ। পরের দিন ২০ নভেম্বর মো. ইব্রাহীম জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে দেখা করে জমিটি তাঁর মালিকানাধীন চিস্তিয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের দাবি করে একটি দলিল, দুটি পর্চা এবং একটি ভূমি উন্নয়ন করের বিল প্রদান করেন। এরপর ২ ডিসেম্বর রাতে ১৫-২০ জন লোক দেশি অস্ত্র নিয়ে জেলা পরিষদের ওই জমিতে সাইনবোর্ড টাঙান এবং জমিতে এক ট্রাক বালু ফেলে রাখেন। ৩ ডিসেম্বর এ ব্যাপারে জেলা পরিষদের প্রহরী মোর্শেদ আলম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানার ওসিকে চিঠি দেন।