রাজধানীর অদূরে সাভারের গেণ্ডা এলাকার আজিজুল ইসলাম তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে মর্মে অভিযোগ নিয়ে ৮ জুলাই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু সেই অভিযোগটি গতকাল মঙ্গলবার পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি।
আজিজুলের অভিযোগ, ৭ জুলাই রাত আটটার দিকে বাসার সামনে থেকে তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়। পরদিন তাঁর স্ত্রীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর স্ত্রীকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। আজিজুল বলেন, মুক্তিপণ দাবি করার পর তিনি ৮ জুলাই থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ করেন। থানার এএসআই মুক্তা খানম তাঁর অভিযোগটি গ্রহণ করে এসআই আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বিদায় করে দেন। এরপর তাঁর (আজিজুল) এক আত্মীয় ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু তাঁর (এসআই আসাদুজ্জামান) কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
আজিজুলের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে এই প্রতিবেদক ১৮ জুলাই সাভার মডেল থানায় গিয়ে কর্তব্যরত কর্মকর্তা এসআই দুলুমা বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করেন। তিনি নথিপত্র ঘেটে অভিযোগটি এসআই আসাদুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে ওই দিন পর্যন্ত থানায় কোনো জিডি বা অভিযোগ লিপিবদ্ধ করা হয়নি বলেও জানান তিনি।
১৮ জুলাই আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তদন্তের জন্য এ রকম কোনো অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল এসআই আসাদুজ্জামানের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তদন্তের জন্য কয়েক দিন আগে অভিযোগটি আমাকে দেওয়া হয়েছে। কিন্তু থানায় তা লিপিবদ্ধ করা হয়নি।’
গতকাল থানার ওসি কামরুজ্জামান বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।