১২ দিনের ব্যবধানে এক ব্যক্তিকে দুবার কুপিয়ে জখম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কালীনগর এলাকার জামাল হোসেন নামের (৪০) এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার কুপিয়ে জখম করা হয়েছে। কলের লাঙল (পাওয়ার টিলার) নষ্ট করার অভিযোগে ১২ দিন আগেও তাঁকে কুপিয়ে জখম করা হয়।
এলাকাবাসী জানান, কালীনগর এলাকার বাসিন্দা জামাল হোসেনের একটি কলের লাঙল আছে। একই এলাকার আবু তাহেরেরও একটি কলের লাঙল আছে। ১৬ জুলাই কে বা কারা আবু তাহেরের কলের লাঙলের চিমনির মধ্যে বালু ও পাথর ঢুকিয়ে দিলে সেটি নষ্ট হয়ে যায়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এ ঘটনার জন্য আবু তাহেরের পরিবার জামালকে সন্দেহ করে। ১৬ জুলাই ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে জামালকে জখম করা হয়। এ ঘটনায় জামাল হোসেন বাদী হয়ে আবু তাহের, তাঁর ছেলে তৌহিদুল ইসলাম ও তারেক জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গতকাল সকালে আবার জামালের ওপর হামলা চালান। তাঁরা ধারালো দা দিয়ে জামালের পায়ে এলোপাতাড়িভাবে কুপিয়েছেন।
জামাল হোসেনের শ্যালক মো. ইউসুফ বলেন, মামলা করায় আবু তাহের বিভিন্ন সময় জামালকে হুমকি দিয়ে আসছিলেন। মামলার তদন্ত কর্মকর্তাকে বিষয়টি জানানোও হয়েছিল। এর মধ্যেই হামলা হলো। তিনি জানান, জামাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিক বলেন, ‘বিষয়টি আপসের মাধ্যমে নিষ্পত্তি করতে চেয়েছিলাম। কিন্তু আমার কথা না শুনে জামাল হোসেনকে কুপিয়ে পরপর দুবার জখম করেছে প্রতিপক্ষ।’
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।