১২ নৈশপ্রহরীর নিয়োগ স্থগিত করার সুপারিশ
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশের পর নিয়োগ দেওয়া ১২ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীর নিয়োগ স্থগিতের সুপারিশ করা হয়েছে। নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই সুপারিশ করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘টাকা নিয়ে ১২ জনকে নিয়োগ দিয়ে চলে গেলেন ইউএনও?’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার ওই নিয়োগ স্থগিতের সুপারিশ করেন।
আবদুল জব্বার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলার নখোপাড়া, চান্দেরআড়া, রামগুইয়া, শিবজাইট, সাইপাড়া, কোনাবাড়িয়া, খয়েরা, সমসপাড়া, রনশিবাড়ি, বৈলসিংহ, মিরপুর ও কামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিলম্বে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে যথেষ্ট অনিয়মের অভিযোগ থাকায় তা স্থগিতের জন্য সুপারিশ করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে গতকাল চিঠি পাঠানো হয়েছে।
আবদুল জব্বার চিঠি পাঠানোর কথা স্বীকার করে জানান, এসব নিয়োগের ব্যাপারে কী করণীয়, তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সদ্য বিদায়ী ইউএনও সাদেকুল ইসলাম নীতিমালা লঙ্ঘন করে টাকার বিনিময়ে ১২টি পদে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেন বলে অভিযোগ ওঠে।