১২ সোনার বারসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ১২টি সোনার বারসহ এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। র‍্যাব বলছে, ওই নারী আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সদস্য। আটক করা সোনার আনুমানিক দাম ৫০ লাখ টাকা। 

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান প্রথম আলোকে জানান, তাঁর নেতৃত্বে গতকাল শুক্রবার রাতে র‌্যাবের একটি দল উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকারী দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে বেনাপোলগামী একটি বাসে বিদেশ থেকে পাচার হয়ে আসা অবৈধ সোনা আছে। ওই বাসের একজন নারী যাত্রী পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে কলকাতায় যাচ্ছেন। পরে গাড়িটি তল্লাশি করে যাত্রী পারুল বেগমকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তাঁর শরীর তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১২০০ গ্রাম।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত সোনার বার ও গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।