চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সদর ফাঁড়ি ও দামুড়হুদা থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সাত সদস্যকে আটক করেছে। তাঁদের কাছ থেকে ১২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকা, মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে গত ২৪ ঘণ্টায় ১২টি চোরাই মোটরসাইকেলসহ ওই সাতজনকে আটক করা হয়।
পরে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার সাকিব হাসান ও তাঁর চাচাতো ভাই কালাম হোসেন এবং দিগড়ী গ্রামের বিপ্লব হোসেন, মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখপাড়ার সাদিকুর রহমান ও চৌগাছার হান্নান শাহ এবং গাংনী উপজেলার হেমায়েতপুরের শরিফুল ইসলাম ও গাড়াডোবের কুদ্দুস শেখ।
পুলিশ সুপার বলেন, উদ্ধার করা মোটরসাইকেলের মধ্যে ১০টি নিবন্ধন করা এবং দুটি নিবন্ধনবিহীন। তবে যেগুলোর নিবন্ধন আছে, সেগুলোও ভুয়া বলেই মনে হয়েছে। কারণ, দুটি বাদে সব কটি মোটরসাইকেলের চেসিস ঘষামাজা করে নতুন নম্বর বসানো।
ব্রিফিংকালে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) এ এইচ এম কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তারা বলেন, ৭ এপ্রিল চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে সাজেদুর রহমান নামের এক স্কুলশিক্ষকের একটি মোটরসাইকেল চুরি হয়। গোয়েন্দা পুলিশ মোটরসাইকেলের মালিককে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন এবং চোর শনাক্ত করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, হারিস মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে।
এর আগে ৬ এপ্রিল দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে স্কুলশিক্ষক কুতুব উদ্দিনের একটি মোটরসাইকেল চুরি হয়। দামুড়হুদা মডেল থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোমবার রাতে মেহেরপুর থেকে সাদিকুরকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুদ্দুস শেখ, হান্নান শাহ ও শরিফুলকে আরও ছয়টি মোটরসাইকেলসহ আটক করে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, চোরচক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান চলছে। চুয়াডাঙ্গা থেকে এ পর্যন্ত চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।