১৩টি সোনার বারসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শনিবার সন্ধ্যায় ১৩টি সোনার বার ও একটি সোনার চেইনসহ মাজিদ সরকার (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে ওই যাত্রী একটি বিমানে চড়ে মালয়েশিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন। তাঁর আচরণে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা করা হয়। এরপর তাঁর কোমরের বেল্ট থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় একটি সোনার চেইনও। আরও জিজ্ঞাসাবাদের পর তিনি ১২টি সোনার বার বের করে দেন। ওই ১২টি বার প্যাকেটে মোড়ানো অবস্থায় তাঁর পায়ুপথে গোপন করে রাখা হয়েছিল। মাজিদের বাড়ি কুমিল্লায়। জব্দ করা সোনার পরিমাণ প্রায় দেড় কেজি। মাজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।