১২০ টন চাল আত্মসাৎ করে পচা চাল বিতরণ
বরিশালের গৌরনদী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) ১২০ টন চাল আত্মসাৎ করে দরিদ্রদের মধ্যে পচা চাল বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মসাতের ঘটনায় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ওই কর্মকর্তাকে একাধিকবার চিঠি দিয়ে গুদামের প্রকৃত মজুত জানাতে বললেও তিনি জানাননি।
এর আগে ২৫ জুলাই প্রথম আলোয় গৌরনদীতে ‘ভিজিএফের পচা চাল বিতরণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রশাসন পচা চাল মজুতকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবেদনটি মিথ্যা প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছ থেকে জোর করে ভালো চালের প্রত্যয়নপত্র সংগ্রহ করার চেষ্টা করে। গত শনিবার আওয়ামী লীগ-সমর্থিত পাঁচজন ইউপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে দাবি করেন, প্রতিবেদনটি মিথ্যা।
এর মধ্যে অনুসন্ধান করে জানা যায়, গৌরনদীর ওসি-এলএসডি মো. সহিদুল হক শাহীন গুদামের ১২০ টন চাল আত্মসাৎ করেছেন। গৌরনদী খাদ্যগুদাম ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ চাল আত্মসাতের বিষয়টি দেড়-দুই মাস আগে খাদ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে জানাজানি হয়। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন ৪ জুন সহিদুলকে চিঠি দিয়ে গুদামে মজুত করা খাদ্যশস্যের বাস্তব প্রতিবেদন চান। প্রতিবেদন না দেওয়ায় তিনি ৮ জুন আবার চিঠি দেন। এর পরও প্রতিবেদন না দেওয়ায় আনোয়ার হোসেন এ ব্যাপারে পদক্ষেপ নিতে ১০ জুন ও ২৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীকে চিঠি দিয়ে অনুরোধ করেন। সর্বশেষ ১০ জুলাই আনোয়ার হোসেন বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) বিভাগসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেন।
ইউএনও মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর মো. ইলিয়াছুর রহমান বলেন, ওসি-এলএসডির অনুপস্থিতির কারণে প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসন ও খাদ্যগুদামের একটি সূত্র জানায়, চাল আত্মসাতের বিষয়টি সরকারি চিঠিপত্রে আসার পর সহিদুল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে আর্থিক সুবিধা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে নিম্নমানের ৭০ টন পচা চাল কিনে গুদামজাত করেন। ঈদ উপলক্ষে দুস্থ ব্যক্তিদের জন্য চাল বরাদ্দ করার আদেশ এলে তিনি ওই সব চাল জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এরপর জনপ্রতিনিধিরা বাধ্য হয়ে ওই সব চাল বিতরণ করেন বলে জানিয়েছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পুরোনো। সমাধান হয়ে গেছে।’ তিনি প্রতিবেদককে সংবাদ না লেখার অনুরোধ করে আর্থিক সুবিধা নেওয়ার প্রস্তাব দেন।