১৩ কেজির স্থলে ৮ কেজি বিতরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ঈদে দুস্থদের জন্য বিশেষ সহায়তার (ভিজিএফ) গম বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ আছে, জনপ্রতি বরাদ্দ ১৩ দশমিক ২৭ কেজি করে গম বিতরণের নিয়ম থাকলেও দুস্থদের দেওয়া হচ্ছে ৮ কেজি। এ ছাড়া প্রকৃত দুস্থরা এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

আমতলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৬৪৭ জন অতিদরিদ্র পরিবারের জন্য জনপ্রতি ১৩ দশমিক ২৭ কেজি হিসাবে ৪৭৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গুলিশাখালী ইউনিয়নে ৫ হাজার ১৪৮ জনের জন্য ৬৮ দশমিক ৩১৩ মেট্রিক টন, কুকুয়া ইউনিয়নে ৪ হাজার ৬০০ জনের জন্য ৬১ দশমিক ৪২ মেট্রিক টন, আঠারোগাছিয়া ইউনিয়নে ৪ হাজার ৫২৩ জনের জন্য ৬০ দশমিক ২০ মেট্রিক টন, হলদিয়া ইউনিয়নে ৫ হাজার ১৮২ জনের জন্য ৬৮ দশমিক ৭৬৫ মেট্রিক টন, চাওড়া ইউনিয়নে ৪ হাজার ১৩৭ জনের জন্য ৫৪ দশমিক ৮৯৭ মেট্রিক টন, আমতলী সদর ইউনিয়নে ৪ হাজার ৬৩৪ জনের জন্য ৬১ দশমিক ৪৯৩ মেট্রিক টন ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ২ হাজার ৭৪১ জনের জন্য ৩৬ দশমিক ৩৭০ মেট্রিক টন এবং আমতলী পৌরসভায় ৪ হাজার ৬৮২ জনের জন্য ৬২ দশমিক ১৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।

একইভাবে তালতলী উপজেলার ৭টি ইউনিয়ন ১৬ হাজার ৪৬৬ অতিদরিদ্র পরিবারের জন্য ২১৮ দশমিক ৫০৩ টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পচাকোড়ালিয়া ইউনিয়নে ২ হাজার ১৫১ জনের জন্য ২৮ দশমিক ৫৪৩ মেটিক টন, ছোটবগী ইউনিয়নে ২ হাজার ৪৭১ জনের জন্য ৩২ দশমিক ৭৯০ মেট্রিক টন, কড়াইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪১৭ জনের জন্য ৩২ দশমিক ৭৩ মেট্রিক টন, শারিখখালী ইউনিয়নে ১ হাজার ৪৬০ জনের জন্য ১৯ দশমিক ৩৭৪ মেট্রিক টন, বড়বগী ইউনিয়নে ৩ হাজার ৪৪০ জনের জন্য ৪৫ দশমিক ৬৪৮ মেট্রিক টন, নিশানবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪২০ জনের জন্য ৩১ দশমিক ১১৩ মেট্রিক টন, সোনাকাটা ইউনিয়নে ২ হাজার ১০৭ জনের জন্য ২৭ দশমিক ৯৬৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।

ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে গম বিতরণ সম্পন্ন হয়েছে। এসব ইউনিয়নে গম বিতরণকালে জনপ্রতি বরাদ্দ করা গম ওজনে ৪-৫ কেজি কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৩ দশমিক ২৭ কেজির পরিবর্তে জনপ্রতি দেওয়া হচ্ছে ৮ থেকে ৯ কেজি। এ ছাড়া প্রকৃত দুস্থরা গম পাচ্ছেন না। আমতলীর গুলিশাখালী, হলদিয়া, আঠারোগাছিয়া, কুকুয়া তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়াইবাড়িয়া ও বড়বগী ইউনিয়নে গম বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে গম বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।

এদিকে গত বুধবার বিকেলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মুক্তিযোদ্ধা সড়কের কেশব লাল শীলের দোকান থেকে বড়বগী ইউনিয়নের ৬ বস্তা (৩৬০ কেজি) গম উদ্ধার করেছেন। পরে এ গম তালতলী থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ইউএনও বাদী হয়ে কেশব লাল শীলের দোকানের কর্মচারী হিরণকে আসামি করে মামলা করেছেন।

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী নিজামুল বলেন, ‘সরকার কত টন গম বরাদ্দ দিয়েছে, তা আমরা ইউপি সদস্যরা জানি না। চেয়ারম্যান সাহেব আমাকে ২০০ জনের নামের তালিকা দিতে বলেছেন, সেভাবে তালিকা দিয়েছি। তালিকার সবাই গম পেলেও কেউ ১৩ দশমিক ২৭ কেজি পায়নি।’ ৮ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘চেয়ারম্যান সাহেব আমাকে ২০০ জনের নামের তালিকা দিতে বলেছিলেন। এই পরিমাণ কার্ড দিয়ে আমার এলাকার গরিব লোকদের অর্ধেক পরিবারকেও সহায়তা দেওয়া সম্ভব নয় বিধায় আমি তালিকা দিইনি। চেয়ারম্যান তাঁর অনুগত কর্মীদের দিয়ে তালিকা করে গম বিতরণ করছেন।’

ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাওয়া আক্তার বলেন, ‘আমার তিনটি ওয়ার্ডে ২০০ জনের নামের তালিকার বিপরীতে ৪০ বস্তা গম দেওয়া হয়েছে। ওই গম বালতি দিয়ে ২০০ জনের মধ্যে বিতরণ করেছি।’

খেকুয়ানী গুচ্ছ গ্রামের বদু মিয়া ও লাভলী বেগম বলেন, ‘সবাইকে একটি প্লাস্টিকের বালতি দিয়ে এক বালতি করে গম দেওয়া হয়েছে। দোকানে গিয়ে মেপে দেখি ওজনে ৯ কেজি হয়েছে।’

গুলিশাখালী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম মিয়া বলেন, যথাযথভাবেই গম বিতরণ করা হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। ট্যাগ কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলামের উপস্থিতিতে গম বিতরণ করা হয়েছে। তবে নজরুল ইসলাম বলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন না। একজন উপসহকারী প্রকৌশলীকে পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার কড়ইবাড়িয়া ইউনিয়নের কড়াইবাড়িয়া বাজারে ২ হাজার ৪১৭ জন দুস্থকে বালতি দিয়ে মেপে গম বিতরণ করা হয়। ওই বালতির গম স্থানীয় দোকানে পরিমাপ করে দেখা গেছে ওজনে ৮ কেজি।

ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সজল খান, গেন্ডামারা গ্রামের ইদ্রিস মিয়া ও জাকির হোসেন জানান, তাঁরা সবাই ৮ কেজি করে গম পেয়েছেন।

হেলেঞ্চাবাড়িয়া গ্রামের কলি আক্তার, নূর জাহান, দুলাল খান, আল আমিন ও আবু বকর জানান, প্রকৃত দুস্থ হওয়া সত্ত্বেও ইউপি সদস্য তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করেননি।

কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন মুঠোফোনে বলেন, ‘গম বিতরণের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না, ইউপি সদস্যরা উপস্থিত থেকে গম বিতরণ করেছেন।’ ওজনে কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে কোনো সদুত্তর না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তালতলীর ইউএনও তৌছিফ আহম্মেদ বলেন, ৬ বস্তা গম উদ্ধারের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গম বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীর ইউএনও মুশফিকুর রহমান বলেন, সঠিকভাবে বিতরণের জন্য সব ইউনিয়নে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।