১৩ কোটি টাকার টেক্সটাইল যন্ত্রপাতি আমদানিতে ব্যাপক দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগ (সিভিএ)
জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগ (সিভিএ)

নরসিংদীর একটি টেক্সটাইলে ১৩ কোটি টাকার যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক অনিয়ম উদ্‌ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগ (সিভিএ)। আজ মঙ্গলবার নরসিংদীর নোয়াপাড়ার রাইনাদিতে মেসার্স এসএ টেক্সটাইল পরিদর্শনের সময় এ দুর্নীতির প্রমাণ পাওয়া যায়।

শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগের (সিভিএ) কমিশনার মইনুল খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসব যন্ত্রপাতি আমদানি ও স্থাপনে জালিয়াতির প্রমাণ পাওয়ার পাশাপাশি সরকারের রেয়াতি সুবিধার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

মইনুল খান বলেন, ওই প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আমদানির আড়ালে বাণিজ্যিক জালিয়াতির সন্ধানে শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগ কাজ করছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিভিএ সূত্রে জানা যায়, সংস্থাটির একটি দল নরসিংদীর এসএ টেক্সটাইল পরিদর্শন করেন। ওই সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি গত দুই বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে মোট ১৫টি বিল অব এন্ট্রির মাধ্যমে চীন থেকে ৮৬৮টি পাওয়ার লুম ও একটি বয়লার মেশিন আমদানি করেছে। এসব চালান ৪৩টি কনটেইনারে করে আনা হয়। কিন্তু সিভিএর পরিদর্শনে পাওয়া যায় মাত্র ১০০ পাওয়ার লুম। এর মধ্যে ২০টি চালু, ৪টি মেরামতের আওতায় এবং ৭৬টি অকেজো অবস্থায় পড়ে আছে। বাকি ৭৬৮টি যন্ত্রপাতির খোঁজ অথবা কোনো হিসাব প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

স্থানীয় নরসিংদী ভ্যাট অফিসে সিভিএর পক্ষ থেকে যোগাযোগ করে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা প্রতিপালন করেনি প্রতিষ্ঠানটি।
সূত্র আরও জানায়, অনুসন্ধানের তথ্য অনুযায়ী টেক্সটাইল প্রতিষ্ঠানটি মাত্র ১ শতাংশ শুল্ক দিয়ে ক্যাপিটাল মেশিনারি আমদানি সুবিধা নিয়েছে। এই সুবিধার কারণে চট্টগ্রাম বন্দরে কায়িক পরীক্ষা ছাড়াই পণ্য ছাড় করা হয়। অথচ মেশিনগুলো কারখানায় প্রবেশ বা স্থাপন করানো হয়নি। এসব রেয়াতি সুবিধার আড়ালে অন্য কোনো শুল্কযোগ্য বা আমদানিনিষিদ্ধ পণ্য ছাড় হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আমদানি দলিল অনুযায়ী, আমদানি করা মেশিনারির মূল্য প্রায় ১১ কোটি ৮০ লাখ টাকা। এগুলোর ঘোষণার ওপর শুল্ককরাদি ফাঁকি হয়েছে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা।