চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি বাসসহ ১৩টি গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিআরটিএ সূত্র জানায়, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মিটারে চলে না এমন সিএনজিচালিত অটোরিকশা, কাগজপত্র ও নিবন্ধনহীন গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তি এবং দুজনের অধিক ব্যক্তি বহনকারী মোটরসাইকেলকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার দাশ প্রথম আলোকে বলেন, ফিটনেসবিহীন একটি বাস ও কাগজপত্র নেই
এমন ১২টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। গাড়ি জব্দের ঘটনায় একটি মামলা হয়। এ ছাড়া মোটরযান আইনের বিভিন্ন ধারায় আরও ১৯টি মামলা হয়েছে। তিনি বলেন, অভিযানের সময় ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।