ফরিদপুরের সিভিল সার্জন (সিএস) অরুণ কান্তি বিশ্বাস গতকাল শনিবার সকাল সোয়া আটটায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মরত ১৩ জন চিকিৎসকের মধ্যে ১২ জনকেই অনুপস্থিত দেখতে পান।
এ ছাড়া ওই হাসপাতালে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৮ জন কর্মচারীর মধ্যে তিনি তিনজনকে উপস্থিত দেখতে পান।
সরকারি সময়সূচি অনুযায়ী সকাল আটটার মধ্যে সব চিকিৎসক ও কর্মচারীদের হাসপাতালে উপস্থিত থাকার কথা। কিন্তু ১৩ জনের মধ্যে ১২ জন চিকিৎসককে উপস্থিত না পেয়ে সিভিল সার্জন গতকালের হাজিরা খাতায় তাঁদের অনুপস্থিত লিখে সই করেন।
পরে সিভিল সার্জন আসার খবর শুনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্য চিকিৎসকেরা দ্রুত হাসপাতালে হাজির হলেও তাঁরা আর হাজিরা খাতায় গতকালের উপস্থিতির সই দিতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, অনুপস্থিত সব চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমে তাঁদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। সে নোটিশের জবাবের ভিত্তিতে পরবর্তী সময়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস বিশ্বাস দেরিতে হাসপাতালে আসার কথা স্বীকার করে বলেন, ভবিষ্যতে সবাইকে সরকারি সময়সূচি অনুযায়ী হাসপাতালে আসার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।