১৩ জলদস্যুকে পুলিশে সোপর্দ, অস্ত্র উদ্ধার
দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে আক্রান্ত হওয়ার পর ১৩ জলদস্যুকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জেলেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর হাতিয়া থানার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে তাদের সোপর্দ করা হয়।
এরপর থানার পুলিশ আহত জলদস্যুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁরা হলেন: মো. আজগর, দেলোয়ার হোসেন, মো. ইসহাক, মো. রফিক, সফি আলম, আবদুল আজিজ, আবদুল খালেক, মো. কালু, মো. শাহজাহান, মো. সাদেক, নুর হোসেন, মো. হাসান ও জয়নাল আবদিন।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, আটক দস্যুদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। আটকের সময় দস্যুদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিনটি ডগি দা উদ্ধার করা হয়েছে।
জেলেদের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে হাতিয়ার জাহাজমারা এলাকা থেকে ছয়টি ট্রলার নিয়ে একদল জেলে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ ধরে ফেরার পথে গতকাল ভোর পাঁচটার দিকে একদল দস্যু একটি ট্রলারযোগে এসে জেলেদের ওপর হামলা চালায়। এতে চার-পাঁচজন জেলে সামান্য আহত হন। একপর্যায়ে জেলেরা চারদিক থেকে দস্যুদের ঘিরে ফেলেন এবং কৌশলে তাদের (দস্যুদের) ট্রলারটি সাগরে ডুবিয়ে দেন। তাঁরা সব দস্যুকে আটক করেন। এরপর নিজেদের ট্রলারে তুলে নিয়ে দস্যুদের গণপিটুনি দেন জেলেরা। পরে তাদের বিকেল পাঁচটার দিকে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।