১৩ জামায়াত-কর্মীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার পল্লবী থেকে গতকাল সোমবার গ্রেপ্তার হওয়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের ১৩ জন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন গার্মেন্টস শ্রমিক নেতাও রয়েছেন। এঁদের মূল পরিকল্পনা ছিল নাশকতা সৃষ্টি করা। ঈদের সময় বেতন-ভাতা নিয়ে উসকানি দেওয়ার পরিকল্পনাও ছিল।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে যেসব বই-পুস্তক পাওয়া গেছে, এগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের উপাদান থাকতে পারে। এগুলো পর্যালোচনা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও হতে পারে।