১৩ জেলায় ২০৬ জন আটক
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার দেশের ১৩টি স্থান থেকে ২০৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ভাঙচুর, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করে পুলিশ।
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে বুধবার রাতে অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে বিএনপি-জামায়াতের কর্মী ১৫ জন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহদিপুর, রসুলপুর, ধোবড়া, আব্বাস বাজার, চৌডালা ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ১৯ জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার শহরের প্রধান সড়কে দমকল বাহিনীর কার্যালয়ের সামনে বুধবার মধ্যরাতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ভাঙচুরের অভিযোগে পুলিশ ছাত্রশিবিরের নয়জন ও যুবদলের এক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী আনিসুর রহমান মঞ্জু এবং সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া রয়েছেন। এ ছাড়া কাহালু উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি ও যুবদলের তিন নেতাকে। তাঁরা হলেন কাহালু থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলী (৪৫), নারহট্ট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন (৩০) এবং যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩৫)।
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরে নাশকতার চেষ্টাকালে বিভিন্ন স্থান থেকে ১০ জনকে এবং খুলনায় বিএনপির আট কর্মীকে আটক করে পুলিশ।
কুষ্টিয়ায় নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিএনপি ও দুজন জামায়াতের।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনকে এবং নোয়াখালীতে বুধবার রাতে বিএনপির ২৫ এবং জামায়াত ও ছাত্রশিবিরের একজন করে মোট ২৭ নেতা-কর্মীকে আটক করা হয়।
গাইবান্ধা শহরের ডিবি রোডে পিকেটিংয়ের অভিযোগে বিএনপির এক নারী কর্মীকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সকালে মালবাহী ট্রাকে আগুন এবং গাড়ির চালক ও তাঁর সহকারীকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, কক্সবাজার ও চাঁপাইনবাবগঞ্জ; খুলনা, কুষ্টিয়া ও নোয়াখালী অফিস এবং চাঁদপুর, সীতাকুণ্ড (চট্টগ্রাম), মঠবাড়িয়া (পিরোজপুর), দুপচাঁচিয়া (বগুড়া), ব্রাহ্মণবাড়িয়া ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি}