নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে গতকাল বৃহস্পতিবার ১৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ও লক্ষ্মীপুরের নির্বাহী হাকিম মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রামগতি উপজেলার চর টগবী গ্রামের মো. হুমায়ুন কবির (২৫), মো. ইউনুছ (৩২), মো. রিপন (২০); শিক্ষা গ্রামের মো. আহাদ (২১), আবদুর রহমান (২০), মো. লিটন (৩০), নুর আলম (২৬), মো. জিয়া উদ্দিন (২০) এবং কমলনগর উপজেলার চরজগবন্ধু এলাকার জাহের হোসেন (৩০), মো. আলাউদ্দিন (৪০), মো. হারুন (২৮), আবদুর রহমান (৩২) এবং চরফলকন এলাকার মো. শফিক (৩০)। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক রামগতি উপজেলা টাস্কফোর্সের সদস্যসচিব জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম এবং কমলনগর উপজেলা টাস্কফোর্সের সদস্যসচিব জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ ১৩ জেলেকে কারাদণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, বুধবার রাতে মা ইলিশ ধরার সময় টাস্কফোর্সের টহল দল ওই জেলেদের আটক করে। গতকাল তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছর করে কারাদণ্ড দেন।