১৩ দিনে ছয়টি মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল চুরি চলছেই। গত ১৩ দিনে উপজেলায় ছয়টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মালিকেরা জানান, তাঁদের মোটরসাইকেলগুলোর হ্যান্ডেল লক করা ছিল। তারপরও কোনো কাজ হয়নি।
স্থানীয় ও ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পীরগঞ্জের ভেলাতৈড় গ্রামের ধান ব্যবসায়ী আবদুল বাসেদের মোটরসাইকেলটি উপজেলা পরিষদের গেটের কাছ থেকে চুরি হয়। তিনি মোটরসাইকেলটির হ্যান্ডেল লক করে সেটি একটি দোকানের পাশে রেখে শৌচাগারে যান। এসে দেখেন মোটরসাইকেল নেই।
গত সোমবার বিকেলে পীরগঞ্জের দলপতিপুর গ্রামের সোহেল রানার মোটরসাইকেলটি নাকাটি বাজার থেকে চুরি হয়। ২৯ নভেম্বর সকালে জাবরহাট গ্রামের মাজেদুর রহমানের মোটরসাইকেল চুরি হয়। জাবরহাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বাইরে মোটরসাইকেলটি রেখে তিনি স্বাস্থ্যকেন্দ্রের ভেতর যান। এ সময় সেটি চুরি হয়ে যায়। ওই দিন দুপুরে পীরগঞ্জের বীরহলী গ্রামের জহুরুল ইসলামের মোটরসাইকেল পীরগঞ্জ সোনালী ব্যাংকের পাশ থেকে চুরি হয়ে যায়।
বীরহলী গ্রামের জহুরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলটির হ্যান্ডেল লক করে সোনালী ব্যাংকে ঢুকেছিলাম। ১৫-২০ মিনিট পর বের হয়ে দেখি মোটরসাইকেল নেই।’
এর তিন দিন আগে ২৬ নভেম্বর বিকেলে পীরগঞ্জের কালিয়াগঞ্জ বাজার থেকে আবদুল হক নামের একজনের মোটরসাইকেল চুরি হয়। গত ১৯ নভেম্বর রাতে পীরগঞ্জের বীরহলী গ্রামের মীম ইস্তেশামেরটিও নিজের বাড়ি থেকে চুরি হয়।
ভেলাতৈড় গ্রামের আবদুল বাসেদ বলেন, এত সাবধানে রেখেও মোটরসাইকেলটি চুরি হয়ে গেল। পুলিশ চোরদের খুঁজে পায় না। অথচ চুরি হচ্ছে ঠিকই।
৩০ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মোটরসাইকেল চুরির বিষয়ে আলোচনা হয়। এতে চুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুল ইসলাম, চিনিকল শ্রমিকনেতা মো. নুরুজ্জামান প্রমুখ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, ‘আমরা বিভিন্নভাবে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দলের সদস্যদের ধরার চেষ্টা করছি।’