১৩ দিনে হাজারো বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৩ জানুয়ারি বন্দী ছিল ৪ হাজার ৮০০ জন। ১৩ দিন পর গতকাল শুক্রবার বন্দীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮০০ জনে। এর মধ্যে হাজতি ৪ হাজার ৮০০ জন। বাকিরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি। এই তথ্য কারা কর্তৃপক্ষের।
কারা কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী ধারণক্ষমতা ১ হাজার ৮৫৩ জন। স্বাভাবিক অবস্থাতেই ধারণক্ষমতার দুই গুণ বন্দী থাকে। টানা অবরোধ শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়ে প্রতিদিনই বন্দীর সংখ্যা বাড়ছে। এখন ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দী নিয়ে হিমশিম খেতে হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাগারে ধারণক্ষমতার দুই গুণ বন্দী রয়েছে। গত ১০ দিন বন্দী আগমনের সংখ্যা বেড়েছে। সেই তুলনায় জামিনের হার কম। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন আসামি জামিনে মুক্তি পাচ্ছেন। তবে ভাঙচুর ও নাশকতার মামলার আসামিরা জামিন পাচ্ছেন কম। যাঁরা পাচ্ছেন, তাঁদের বেশির ভাগই উচ্চ আদালত থেকে জামিন নিচ্ছেন।
৫ জানুয়ারি চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন রাতেই প্রায় ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকা ওই আসামিদের কেউ জামিন পাননি বলে বিএনপির নেতারা জানিয়েছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান জানান, হরতাল-অবরোধে সহিংসতা মোকাবিলায় জেলার ১৬ থানা থেকে দিনে গড়ে ৩৫ থেকে ৪০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। বেশির ভাগই ভাঙচুর ও নাশকতার মামলার আসামি। নিরীহ কাউকে পুলিশ আটক করছে না। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ২৭ জনকে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন জামায়াত-শিবিরের ও ১৪ জন বিএনপির কর্মী।
কারা কর্তৃপক্ষ বলছে, দুই সপ্তাহ ধরে বন্দী আসামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদেরও ভিড় বাড়ছে। গত বুধবার কারাফটকের সামনে কথা হয় লোহাগাড়া উপজেলার রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসেছেন। ভাঙচুরের মামলায় ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনজীবীর মাধ্যমে ছেলের জামিনের চেষ্টা করছেন।
গত বৃহস্পতিবার দুপুরে কারাগারের সাক্ষাৎকক্ষ থেকে বের হয়ে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার রহিমা বেগম জানান, তাঁর স্বামীকে নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। জামিনে মুক্তির জন্য স্বামীর সঙ্গে কথা বলতে এসেছেন।
চট্টগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, ভাঙচুর ও নাশকতার মামলার আসামিরা জামিনে মুক্তি পেলে দেশে অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার আশঙ্কায় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করছে।