১৩ পরিবারের বিরুদ্ধে আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে উচ্ছেদ হওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের সেই ১৩টি পরিবারের সদস্যরা গত বুধবার রাতে পুরোনো ভিটেমাটিতে ফিরে গেছেন। তাঁরা আদালতের স্থাপিত উচ্ছেদ এলাকা চিহ্নিত লাল পতাকা ও ডিক্রিদারদের দেওয়া তারকাঁটার সীমানাপ্রাচীর তুলে ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে।
জমির ডিক্রিদার বজলুর রশিদ বলেন, ‘আদালত কর্তৃক নিয়োজিত লোকজন বুধবার দুপুরে তাঁদের জমিটির দখল বুঝিয়ে দেওয়ার পর তাঁরা তারকাঁটা দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এ ছাড়া আদালত থেকে উচ্ছেদ করা জমির সীমানা চিহ্নিত লাল পতাকা স্থাপন করেছিলেন। কিন্তু বুধবার রাতে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা আদালতের আদেশ অমান্য করে ওই স্থানে ফিরে এসেছেন। তাঁরা লাল পতাকা ও তারকাঁটার সীমানাপ্রাচীর সরিয়ে ফেলেছেন। এ সময় তাঁরা বাধা দিতে যাননি। বাধা দিতে গেলে মারামারি হতো। এ ব্যাপারে তাঁরা নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। যুগ যুগ ধরে এই জমি নিয়ে মামলা চলছে। প্রতিবারই আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। কাগজপত্র সব আমাদের। আদালতের লোকজন এসে এবার জমির দখল বুঝিয়ে দিয়েছেন। অথচ দখলদারেরা জমির দখল ছাড়ছেন না।’
উচ্ছেদ হওয়া তপন সিং বলেন, বসবাসের জন্য অন্যত্র তাঁদের কোনো জায়গাজমি না থাকায় তাঁরা তাঁদের আগের দখলীয় জমিতে ফিরে এসেছেন। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই থাকবেন। এ ছাড়া তাঁরা ডিক্রিদারের ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। তবে তিনি লাল পতাকা সরানোর অভিযোগ অস্বীকার করেন।
করুণ সিং বলেন, তাঁরা এক কাপড়ে জীবনযাপন করছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে কিছু খাবার দেওয়া হয়েছে, তা খেয়ে রয়েছেন। এভাবে তাঁরা কত দিন থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। বুধবার সন্ধ্যায় তাঁরা নাটোর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার ব্যানারে মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে তাঁদের পুনর্বাসনের দাবি জানান। জেলা প্রশাসক শাহিনা খাতুন তাঁদের অভিযোগ গ্রহণ করেছেন ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, প্রতিবেশী বজলুরের দায়ের করা মামলায় গত মঙ্গলবার দুপুরে আদালতের লোকজন রায় কার্যকর করতে ১৩টি পরিবারকে উচ্ছেদ করেন। এ ব্যাপারে প্রথম আলোতে গতকাল বৃহস্পতিবার ‘নোটিশ ছাড়াই হঠাৎ গুঁড়িয়ে দেওয়া হলো ৩০ ঘরবাড়ি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।