১৩ বছর পর সাবেক এসপির বিরুদ্ধে মামলা হচ্ছে
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) ইফতেখার উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শুরুর ১৩ বছর পর বর্তমানে অবসরপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হচ্ছে।
আজ সোমবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, ২০০২ সালে ওই পুলিশ সুপারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। ১০ বছর পর ২০১৪ সালে দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে নতুন করে এ অনুসন্ধান শুরু করে দুদক।
সূত্রটি আরও জানায়, ইফতেখার উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪০ লাখ ৬৭ হাজার ৭৬ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে এ অভিযোগ প্রমাণ হওয়ায় কমিশন মামলার অনুমোদন দিয়েছে।