১৩ মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতের অভিযোগ
ময়মনসিংহের ধোবাউড়ায় ১৩ জন মুক্তিযোদ্ধা তিন মাসের ভাতার টাকা পাননি। ভাতা না পাওয়া মুক্তিযোদ্ধাদের অভিযোগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রভাবশালী কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে ভাতার টাকা আত্মসাৎ করেছেন।
২০১৪ সালের জুলাই থেকে সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে। ভাতা না পাওয়া মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলায় গেজেটভুক্ত ২৫৫ জন মুক্তিযোদ্ধা আছেন। তাঁদের মধ্যে ১৩ জন বাদে বাকি সবাই গত বছরের জুলাই থেকে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়েছেন। কিন্তু তাঁরা ১৩ জন মুক্তিযোদ্ধা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে কোনো ভাতা পাননি। তাঁরা অক্টোবর থেকে ভাতা পাওয়া শুরু করেন।
ভাতা না পাওয়া মুক্তিযোদ্ধাদের অভিযোগ, সমাজসেবা কর্মকর্তা ও প্রভাবশালী কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে তাঁদের তিন মাসের ভাতার প্রায় দুই লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভাতাবঞ্চিত একজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভাতা না পাওয়ার কারণ জানতে গেলে সমাজসেবা কর্মকর্তা ও বর্তমান কমান্ডার নানা অজুহাত দিচ্ছেন। তাঁরা একবার বলেন, “মন্ত্রণালয় ভাতা দেয়নি”; আবার বলেন, “কেন দেওয়া হয়নি, বিষয়টি আমরা নিজেরাই বুঝতে পারছি না।”’
ওই ১৩ জন মুক্তিযোদ্ধা আরও বলেন, আগে ভাতার টাকা সমাজসেবা অধিদপ্তরে আসত। তখন তাঁরা হাতে হাতে টাকা পেয়ে যেতেন। ভাতা বেড়ে পাঁচ হাজার হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সোনালী ব্যাংকে হিসাব খুলতে হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে এ হিসাব খোলা হয়। তৎকালীন কমান্ডারের কাছে তাঁরা ১৩ জন প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দেন। কিন্তু তাঁদের নামে তখন ব্যাংক হিসাব খোলা হয়নি। পরে অক্টোবর থেকে ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা পাচ্ছেন।
অবশ্য সোনালী ব্যাংকের ধোবাউড়া শাখার ব্যবস্থাপক খায়রুল আলম গতকাল প্রথম আলোকে জানান, উপজেলার গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামে গত বছরের জুলাই থেকেই এই ব্যাংকে হিসাব রয়েছে। ওই ১৩ জন কেন তিন মাসের ভাতার টাকা পাননি, তা তাঁর জানা নেই।
সাবেক কমান্ডার মোজ্জামেল হক এ বিষয়ে বলেন, ‘আমার মেয়াদে ব্যাংক হিসাব খোলার তথ্যটি ভুল। ব্যাংক হিসাব খোলার আগেই আমার মেয়াদ শেষ হয়ে যায়।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেন তাঁরা তিন মাসের ভাতা পাননি, বিষয়টি নিয়ে আমিও খোঁজখবর নিচ্ছি।’
ধোবাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার রফিক ভূঁইয়া বলেন, ১৩ মুক্তিযোদ্ধার তিন মাসের ভাতার টাকা কেউ আত্মসাৎ করেননি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলা হবে।