১৩ হাজার টাকায় মুক্তি দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাত থানাহাজতে আটকে রেখে ১৩ হাজার টাকায় পুলিশ এক রিকশাচালককে মুক্তি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গাজীপুরের জয়দেবপুর থানায় গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় হালিমের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন রিকশাচালক মোকাররম হোসেন (২০)। গত বৃহস্পতিবার মৌচাক এলাকা থেকে মহিউদ্দিন নামের এক ব্যক্তি দুই বস্তা কুঁড়া নিয়ে গাজীপুর বাইপাস এলাকায় যাওয়ার কথা বলে মোকাররমের ব্যাটারিচালিত রিকশা ১৫০ টাকায় ভাড়া নেন। রিকশাটি গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় পৌঁছালে ওই এলাকায় টহলে থাকা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল রিকশার গতিরোধ করেন। পরে রিকশায় তল্লাশি করে কুঁড়ার বস্তার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মহিউদ্দিনকে আটক করা হয়। পরে রিকশাচালকসহ তাঁদের থানাহাজতে নিয়ে যায় পুলিশ। এ সময় মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। তবে মোকাররমকে থানায় আটকে রাখে পুলিশ।
পরিবারের লোকজন জানান, খবর পেয়ে মোকাররমের বড় ভাই মোকছেদ আলী গতকাল এসআই রেজাউলের সঙ্গে যোগাযোগ করেন। পরে তদবির করে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ১৩ হাজার টাকা দিয়ে মোকাররমকে ছাড়িয়ে আনেন। মোকছেদ আলী জানান, ছোট ভাইকে থানা থেকে ছড়িয়ে আনতে এসআই রেজাউলকে ১৩ হাজার টাকা দিতে হয়েছে।
জানতে চাইলে জয়দেবপুর থানার এসআই মো. রেজাউল বলেন, ‘সে আমাকে কোনো টাকা দেয়নি। তবে কনস্টেবলদের কিছু টাকা দিয়েছে।’ কত দিয়েছে—জানতে চাইলে তিনি বলেন, দুই-তিন হাজার টাকা হবে।