দিনাজপুরের বিরামপুর পৌরসভায় উন্নয়নমূলক কাজ এবং হাটবাজার ইজারার আয়কর ও ভ্যাটের টাকা আত্মসাতের ঘটনায় আরও ১৩টি জাল ট্রেজারি চালান পাওয়া গেছে। এর আগে সোনালী ব্যাংক দুটি জাল চালান চিহ্নিত করে।
অভিযোগ উঠেছে, একটি চক্র ১৫ বছর ধরে সোনালী ব্যাংক ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সিল-স্বাক্ষর জাল করে আয়কর ও ভ্যাটের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে সেটা তুলে নিচ্ছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে গত ১১ সেপ্টেম্বরে প্রথম আলোয় ‘আয়কর ও ভ্যাটের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, পৌরসভা থেকে লিখিতভাবে ৩৬টি ও অলিখিতভাবে কিছু চালান যাচাইয়ের জন্য হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়। নতুন ১৩টি জাল চালান চিহ্নিত করা হয়েছে। প্রতিটি চালান দুই লাখ টাকার ওপরে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আয়কর ও ভ্যাটের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের ঘটনায় জড়িত
চক্রটি কিছুদিন আগে অডিটরকে দেওয়ার কথা বলে তদন্ত কমিটির কাছ থেকে জাল চালানগুলো নেয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে সেগুলো ছিঁড়ে ফেলে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়টি তদন্ত কমিটি অনেকটা নিশ্চিত হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র মাহবুবুর রহমান গত রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেওয়া চালান কপির প্রতিবেদন পাওয়া গেছে। দুই-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।