১৩ সোনার বার নিয়ে পালাল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম আসামির কাছ থেকে জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে
পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এএসআই রফিকুলের বাড়ি নড়াইলের তেরখাদা গ্রামে। তিনি এক বছর ধরে বেনাপোল বন্দর থানায় কর্মরত।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে রঘুনাথপুর গ্রাম থেকে ১৩টি সোনার বারসহ রেজাউল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন এএসআই রফিকুল ইসলাম। জব্দ করা সোনা নিজের কাছে রেখে এএসআই রফিকুল অভিযানে অংশ নেওয়া এক পুলিশ সদস্যের মাধ্যমে আসামিকে থানায় পৌঁছে দেন। থানার গেট থেকেই তিনি চলে যান। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেল পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

বিকেলে বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শামীম উদ্দীন বাদী হয়ে দুটি মামলা করেন। সোনা উদ্ধারের ঘটনায় আসামি রেজাউলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এএসআইয়ের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

নাম প্রকাশ না করে স্থানীয় একটি সূত্র বলছে, এএসআই রফিকুল জব্দ করা স্বর্ণ নিয়ে গতকাল সন্ধ্যার দিকে থানায় ফেরেন। পরে থানা থেকে তিনি পালিয়ে যান। সূত্রটি জানায়, মামলাটি আজ হয়েছে। তবে কাগজে-কলমে মামলা করার সময় দেখানো হয়েছে গতকাল বেলা তিনটা।