১৩০ জন জিম্মিকে উদ্ধারের দাবি র্যা বের
মিরপুরে একটি প্রতিষ্ঠানে জিম্মি থাকা অবস্থায় ১৩০ জনকে উদ্ধারের দাবি করেছে র্যাব। ওই প্রতিষ্ঠানটির পরিচালনার সঙ্গে যুক্ত নয়জনকে আটকের কথাও গতকাল মঙ্গলবার র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে র্যাব যাঁদের জিম্মি হিসেবে উল্লেখ করছে তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতিষ্ঠানটি তিন-চার মাস ধরে ঘুরাচ্ছিল। তাঁরা নিজেদের প্রতারিত ভাবছেন, জিম্মি নয়।
গতকাল র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব-২-এর একটি দল গতকাল মিরপুর ১০ নম্বরের আমেনা প্লাজার চতুর্থ তলায় ভিক্টোরিয়া ক্রোকারিজে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানে জিম্মি অবস্থায় থাকা ১৩০ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। আটক করা হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হযরত আলী (৪৫), পরিচালক মশিউর রহমান (৩৫), বেনোয়ার হোসেন (৪৫), ফায়েক ফকিরসহ (৩০) নয়জনকে। উদ্ধার হওয়া নারী-পুরুষদের তথ্য অনুযায়ী তাঁদের দেশে-বিদেশে আকর্ষণীয় বেতনে চাকরির লোভ দেখিয়ে ২৫ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। এরপর চাকরিপ্রত্যাশী ব্যক্তিদের একটি নির্দিষ্ট দিনে ওই প্রতিষ্ঠানে আসতে বলা হয়। তাঁরা নির্ধারিত দিনে সেখানে এলে তাঁদের অগ্রিম টাকা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত চাকরি না দিয়ে ঘোরাতে থাকে। ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে অভিযোগের সত্যতা পেয়ে র্যাব নয়জনটে আটক করে।
ভুক্তভোগীদের একজন সোহেল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনি চাঁদপুর থেকে গত ১ মে ভিক্টোরিয়া ক্রোকারিজে যোগ দিতে ঢাকায় আসেন। প্রতিষ্ঠানটি তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। প্রতিষ্ঠানের খরচে তিনিসহ কয়েকজনকে একটি মেসে রাখা হয়। প্রতিদিন দুই ঘণ্টা করে প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে হাজিরা দিতে হতো তাঁদের। কথা ছিল চাকরি দেওয়া হবে, তা না দিয়ে প্রতিষ্ঠানটি বহুধাপ বিপণনে তাঁদের সম্পৃক্ত করার প্রস্তাব দেয়। কিন্তু প্রতিষ্ঠানটির কোনো পণ্যও ছিল না বিক্রির জন্য। এসব ভেবে এখানে যোগ দিতে আসা চাকরিপ্রার্থীরা নিজেদের প্রতারিত মনে করে চলতি মাসের শুরুতে একবার পুলিশকে খবর দেন। তখন পুলিশ এসে ঘুরে গিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা র্যা বের কাছে অভিযোগ দেন। র্যা ব এসে ভিক্টোরিয়া ক্রোকারিজের পরিচালনা কর্তৃপক্ষকে ধরে নিয়ে যায়।