দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করছে উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন ও সীমান্তের ওপারের ৫০ জন ভারতীয় মাদক ব্যবসায়ী।
ভারত থেকে এই মাদক এনে বিরামপুরের অর্ধশতাধিক স্থানে তা বেচাকেনা হচ্ছে। পরে এই মাদক বিরামপুর থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বিরামপুরের কাটলা সীমান্ত মাদকের নিরাপদ রুট। বিরামপুর সীমান্তে দিয়ে আসা মাদকের ৮০ শতাংশই আসে কাটলা সীমান্ত দিয়ে। বাকি ২০ শতাংশ আসে ভাইগড় ও বিনাইল সীমান্ত দিয়ে। মাদক ব্যবসায়ীরা এসব সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল, মদ, বিভিন্ন ধরনের নেশা সৃষ্টিকারী ইনজেকশন ও যৌন উত্তেজক বড়ি নিয়ে আসে।
পুলিশ, বিজিবি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের তালিকা অনুযায়ী, উপজেলার ওই ৮০ জন মাদক ব্যবসায়ীর মধ্যে ৩৫ জন কাটলা ইউনিয়নের। ১৫ জন পৌর এলাকার, ১৫ জন বিনাইল ইউনিয়নের এবং ১৫ জন জোতবানি ইউনিয়নের বাসিন্দা। তবে জনপ্রতিনিধি ও মাদক প্রতিরোধ কমিটির তথ্য অনুযায়ী, এই তালিকার বাইরে উপজেলায় আরও অর্ধশতাধিক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিরামপুরের মাদক ব্যবসার গডফাদার কাটলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত ইউপি সদস্য আতারুল হক ওরফে আতা। বিরামপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করেন আতারুল। আতারুল মেম্বারের বিরুদ্ধে পাঁচ-সাতটি মামলাও রয়েছে।
দক্ষিণ দাউদপুর গ্রামের একজন, খিয়ার মামুদপুরের একজন, বাসুপাড়ার একজন, কাটলা বাজারের একজন, হাসপাতাল মোড় মহল্লার দুজন, পৌর এলাকার মির্জাপুর গ্রামের পাঁচজন, বিনকিনি গ্রামের একজন, বিনাইল ইউনিয়নের নরসিংহবাটির একজন, চাপড়া গ্রামের দুজন, অচিন্তপুর গ্রামে একজন, মহুগ্রামের একজন ও রানীনগর গ্রামের একজন ফেনসিডিল ব্যবসা নিয়ন্ত্রণ করেন।
জনপ্রতিনিধি, স্থানীয় মাদক প্রতিরোধ কমিটি ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কাটলা ইউনিয়নের ঘাঁসুরিয়া, বাসুপাড়া, দক্ষিণ দাউদপুর, খেয়ারমামুদপুর, জোতবানি ইউনিয়নের ভাইগড় এবং বিনাইল ইউনিয়নের মহুগ্রাম ও হামলাকুড়ি সীমান্ত দিয়ে মাদক চোরাকারবারিরা ভারত থেকে মাদক নিয়ে আসে। মহুগ্রাম ও হামলাকুড়ি দিয়ে যে মাদক আসে তা ফুলবাড়ীর মাদিলাহাট হয়ে, পার্বতীপুরে যায়। কাটলা দিয়ে যে মাদক আসে তা পৌর এলাকার বেগমপুর হয়ে মির্জাপুরে ও দক্ষিণ রেল ঘুমটিতে আসে। এরপর বিভিন্ন যানবাহনে বিভিন্ন স্থানে চলে যায়। ভাইগর, কাটরা, হামলাকুড়ি, আয়ড়া মোড়, দেশমা বাজার, বিজুল বাজার, বিহারিপাড়া, রেলস্টেশন, চাঁদপুর, বেগমপুর, বিরামপুর রেল ঘুমটি (দক্ষিণ গেট), বাসুপাড়া (হিন্দুপাড়া), দাউদপুর, ঘাঁসুরিয়া, বাসুপাড়া, রণগাঁওসহ কাটলা বাজারের ২০টি স্পটে প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কাটলা সীমান্তের ২৮৯-এর সাব পিলার ৫২ ও ৫৩-এর দক্ষিণ দাউদপুর গ্রামসংলগ্ন ভারতের নামা গোবিন্দপুর গ্রামের জিয়ার উদ্দিন, রেফাজ আলী ও হোসেন আলীর বাসায় এবং ২৮৯ এর সাব পিলার ১৯ থেকে ২৪ এর দক্ষিণ দামদরপুর গ্রামসংলগ্ন ভারতের উঁচা গোবিন্দপুর গ্রামের গেদলা চন্দ্র, পার্থ রায়, চিংকার চন্দ্র, রুপম রায় ও কালী পদ রায়ের বাসায় মাদকসেবন ও কেনাবেচা হচ্ছে। এ সময় কয়েকজন বাসিন্দা জানান, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জসহ রংপুর, গাইবান্ধা, বগুড়ার মাদকসেবী ও ব্যবসায়ীরা এখানে এসে মাদকসেবন করেন ও মাদক ক্রয় করে নিয়ে যান।
তবে ইউপি সদস্য আতারুল বলেন, তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগে এসব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচিত হওয়ার পর এসব ব্যবসা ছেড়ে দিয়েছেন। শত্রুপক্ষ তাঁকে হয়রানি করতেই এসব অভিযোগ করছে।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, গত ডিসেম্বর মাসে তিনি যোগদান করার পর অন্তত ৩০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। তাঁরা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী প্রথম আলোকে বলেন, বিএসএফ কর্তৃপক্ষকে ভারতের ৫০ মাদক ব্যবসায়ীর তালিকা দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাড়ের মাদক ব্যবসা বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।