চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে গতকাল মঙ্গলবার পণ্যভর্তি ১৪টি কনটেইনার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
ভুয়া কাগজপত্র দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে খালাসের অভিযোগে এসব কনটেইনার জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কাস্টমস কর্মকর্তারা জানান, হালিশহরের নয়াবাজার বিশ্বরোড মোড়ের পাশের একটি চত্বর থেকে পণ্যভর্তি এসব কনটেইনার জব্দ করা হয়। ২২ সেপ্টেম্বর বন্দর থেকে কনটেইনারগুলো খালাস করা হয়। জব্দ করা কনটেইনার হেফাজতে নেওয়ার জন্য কাস্টমসের পক্ষ থেকে বন্দরকে চিঠি দেওয়া হয়েছে।
কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে দুটি চালানের ১৪ কনটেইনার পণ্য নিলামে তোলা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে এসব পণ্য নেওয়ার অনুমোদন পান সাইফুদ্দিন হায়দার চৌধুরী। পণ্যমূল্য ও শুল্ককর মিলিয়ে এসব পণ্যের নিলাম দর নির্ধারণ হয় প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু অনুমোদন পাওয়ার পরও শুল্ককর ও পণ্যমূল্য পরিশোধ করে গ্লিসারিনভর্তি এসব কনটেইনার খালাস করেননি তিনি।
মুকিতুল হাসান আরও বলেন, ‘অবৈধভাবে খালাস নেওয়ার পর খবর পেয়ে মঙ্গলবার (গতকাল) বিকেলে এসব কনটেইনার জব্দ করা হয়। নথি দেখে নিশ্চিত হয়েছি, এসব পণ্য খালাসের জন্য কাস্টমস থেকে অনুমোদন নেওয়া হয়নি কিংবা রাজস্ব পরিশোধ করা হয়নি।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।