১৪ কর্মচারীর অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্কড়ঝক্কড় মাইক্রোবাস রূপান্তর করে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। রোগীর সিটের নিচে বসানো হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার। গত মঙ্গলবার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ছবিটি তোলা l প্রথম আলো
লক্কড়ঝক্কড় মাইক্রোবাস রূপান্তর করে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। রোগীর সিটের নিচে বসানো হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার। গত মঙ্গলবার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ছবিটি তোলা l প্রথম আলো

সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকা এবং এর সুনির্দিষ্ট ব্যবস্থাপনার ঘাটতির সুযোগ নিয়ে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কর্মচারীরা বেআইনি ও অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা জমিয়ে তুলেছেন। এসব কর্মচারীর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই। উল্টো এ বিষয়ে তারা নির্বিকার।

এই পরিস্থিতিতে সরকারি অ্যাম্বুলেন্সের মতো গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা। হাসপাতালে চাকরিরত এসব অ্যাম্বুলেন্স ব্যবসায়ীর কাছে তারা অনেকটাই জিম্মি। গত এক সপ্তাহ সরকারি হাসপাতাল ঘুরে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১৪ জন কর্মচারী অবৈধভাবে ২০টি অ্যাম্বুলেন্সের ব্যবসা করছেন। এ ছাড়া মিটফোর্ড ও পঙ্গু হাসপাতালে বর্তমানে কর্মরত ও সাবেক কর্মচারীর স্বজনদের এমন ১০টি অ্যাম্বুলেন্সের ব্যবসা রয়েছে। অভিযোগ আছে, এই অ্যাম্বুলেন্স ব্যবসার পেছনে মূলত ক্ষমতাসীন দলের সমর্থিত কর্মচারী নেতাদের ভূমিকা রয়েছে।

বিধি অনুযায়ী সরকারি কর্মচারী কোনো ব্যবসা করতে পারবেন না।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি হাসপাতালের কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অ্যাম্বুলেন্স ব্যবসাকে কীভাবে একটি নিয়মের মধ্যে আনা যায়, তার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে নীতিকাঠামো করার কাজ চলছে।

গত বছরের ১৫ অক্টোবর ঢাকা মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় পাঁচজনের প্রাণহানির পর ব্যক্তিগত অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসার বিষয়টি আলোচনায় আসে। ওই অ্যাম্বুলেন্সটির মালিক হাসপাতালটির ওয়ার্ডবয় মফিজুল ইসলাম। এ ঘটনায় করা মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।

সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ভুক্তভোগী রোগীর স্বজনেরা বলছেন, রাজধানীর ভেতরে সরকারি অ্যাম্বুলেন্সে ৩০০ টাকায় রোগী আনা-নেওয়া করা যায়। কিন্তু কর্মচারীরা দেড়-দুই হাজার টাকায় উঠতে রোগীদের বাধ্য করেন। দালালের মাধ্যমে মরদেহ বা রোগী পরিবহনে কম ভাড়ার কথা বলে পরে বিভিন্ন খরচের নামে দ্বিগুণ-তিন গুণ অর্থ আদায় করা হয়। রাতে কিংবা দূরপাল্লার চলাচলের জন্য রোগীর স্বজনদের এসব অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হয়। কর্মচারী ইউনিয়নের নেতাদের কথা না শুনলে তাঁরা অ্যাম্বুলেন্স পরিচালনাকারী কর্মচারীদের অন্যত্র বদলিও করে দেন।

২২ এপ্রিল মুন্সিগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসীদের চাপাতির কোপে আহত হাসনা আরা (৫০) ও তাঁর ছেলে হানিফকে (৩৫) ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে হানিফকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসনা আরা চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

হাসনা আরার ভাই মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, হানিফকে পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য সরকারি অ্যাম্বুলেন্স খোঁজ করেও পাননি। পরে ঢাকা মেডিকেলের একজন ওয়ার্ডবয় তাঁকে বলেন, সরকারি অ্যাম্বুলেন্স পাবেন না, নষ্ট হয়ে আছে। পঙ্গু হাসপাতালে নিতে হলে তাঁদের অ্যাম্বুলেন্সে করেই নিতে হবে। দর-কষাকষিতে ভাড়া দেড় হাজার টাকা ঠিক হয়। আর হাসনা আরাকে অ্যাম্বুলেন্সে মুন্সিগঞ্জে নিতে খরচ হয় ৩ হাজার টাকা।

ব্যক্তিমালিকানায় অ্যাম্বুলেন্স ব্যবসার নিয়ম নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সেবাধর্মী প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন দেয়।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত সচিব-এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ব্যক্তিমালিকানায় অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে বিআরটিএর অভিযান চলছে। এখন তাঁরা সরকারি হাসপাতাল ঘিরে অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে অভিযান চালাবেন।

রাজধানীর বিআরটিএর মিরপুর আঞ্চলিক কার্যালয়ে গিয়ে ঢাকা মেডিকেলের চারজন কর্মচারীর নামে অ্যাম্বুলেন্স থাকার তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেকের ভাগনে ও ওয়ার্ডবয় মো. রাসেল, ওয়ার্ডবয় জামাল সরদার, ওয়ার্ডবয় মফিজুল ইসলাম ওরফে মাহফুজ, অবসরপ্রাপ্ত ওয়ার্ডবয় সরদার ওসমান আলী। এখন ওই অ্যাম্বুলেন্স তাঁর ছেলে সুমন আলী পরিচালনা করছেন। তিনিও ওয়ার্ডবয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।

অনুসন্ধানে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স আছে সাতটি। এর মধ্যে দুটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ব্যবহার করে। তিনটিতে হাসপাতালের রোগী আনা-নেওয়া করা হয়। দুটি দীর্ঘদিন ধরে নষ্ট। হাসপাতালে ১১ জন কর্মচারী অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত। তাঁদের ১৬টি অ্যাম্বুলেন্স ব্যবসার নেপথ্যে রয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের নেতারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের বর্তমান সভাপতি আবদুল খালেক তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দলটির লালবাগ থানার কর্মী। অ্যাম্বুলেন্স ব্যবসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর ভাগনে রাসেলসহ অনেক কর্মচারী অ্যাম্বুলেন্স ব্যবসা করছেন। তবে রোগী জিম্মি করে ব্যবসার বিষয়টি তিনি জানেন না।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চাপায় পাঁচজনের প্রাণহানির পর অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত কর্মচারীদের কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু মালিকানার বিষয়ে বিআরটিএতে গিয়ে খোঁজ নেওয়ার সক্ষমতা ঢাকা মেডিকেলের নেই।

মিটফোর্ড হাসপাতাল

অনুসন্ধানে জানা গেছে, মিটফোর্ড হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স আছে তিনটি। এর মধ্যে একটি অকেজো। ২০১৪ সালে হাসপাতালের দুটি পুরোনো অ্যাম্বুলেন্স নিলামে কিনে মালিকানা পরিবর্তন না করেই তা চালাচ্ছেন হাসপাতালের পরিচালকের গাড়িচালক তাজুল ইসলাম। এ ছাড়া হাসপাতালটির আরও নয়জন সাবেক ও বর্তমান কর্মচারী এবং তাঁদের স্বজনেরা এ ব্যবসায় জড়িত। তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে ১০টি অ্যাম্বুলেন্স। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সের চালক মো. আরিফের ব্যক্তিমালিকানায় একটি অ্যাম্বুলেন্স রয়েছে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে। অন্যগুলোর মালিকানা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বদল হয়েছে।

জানতে চাইলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের কর্মচারীরা বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত, এ বিষয়টি আমার জানা নেই। বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুর পর চালকেরা ধর্মঘট ডেকেছিলেন। হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের সংকট থাকায় আমরাই তাঁদের আবার অনুরোধ করে ফিরিয়ে এনেছি।’

পঙ্গু হাসপাতাল

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) দুটি অ্যাম্বুলেন্সের একটি অকেজো। অন্যটিতে শুধু রাজধানীতে রোগী আনা-নেওয়া করা হয়।

অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের আয়া রোকেয়া বেগমের জামাতা ফিরোজ আহমেদ ও আয়া নুরজাহানের দেবর আবুল হোসেনের দুটি অ্যাম্বুলেন্স রয়েছে।

ফিরোজ আহমেদ দাবি করেন, অ্যাম্বুলেন্সটি তাঁর নামেই বিআরটিএতে রেজিস্ট্রেশন করা আছে। অপর অ্যাম্বুলেন্সটির চালক আমিনুল ইসলাম বলেন, তাঁর অ্যাম্বুলেন্সের মালিক আবুল হোসেন। তাঁর ভাবি ও বোন পঙ্গু হাসপাতালে আয়ার চাকরি করেন।

পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল গনি মোল্লা প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত কর্মচারীদের এর আগে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বর থেকে বেসরকারি অ্যাম্বুলেস সরিয়ে দিতে পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্স চালাতে সেবাধর্মী প্রতিষ্ঠানকে রোগী বহনে স্থায়ী শয্যা, শয্যার মাথা রাখার অংশে রিভলভিং চেয়ারের মতো ব্যবস্থা থাকতে হবে, অক্সিজেন সিলিন্ডার-মাস্ক, চিকিৎসক বসার ব্যবস্থা, স্ট্রেচার ও সাইরেন বসাতে হবে। গাড়ির চালক, চিকিৎসক, রোগীর স্বজনসহ ছয়জনের অতিরিক্ত আসন বসানো যাবে না। কিন্তু হাসপাতালের কর্মচারীদের পরিচালিত অ্যাম্বুলেন্সে এসব শর্ত মানা হচ্ছে না। পুরোনো লক্কড়ঝক্কড় মাইক্রোবাস ও মালবাহী গাড়িকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হয়েছে।

নাগরিক স্বাস্থ্য অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব। তিনি প্রথম আলোকে বলেন, বিধি অনুযায়ী সরকারি কর্মচারী কোনো ব্যবসা করতে পারবেন না। চতুর্থ শ্রেণির কর্মচারীরা রাজনীতির প্রশ্রয়ে থেকে অ্যাম্বুলেন্স ব্যবসা করছেন। এ কারণে হাসপাতালের পরিচালকও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। তিনি বলেন, সরকারকে কর্মচারীদের দিয়ে অঙ্গীকারনামা নিয়ে নির্দেশনা জারি করতে হবে, তাঁরা শুধু অ্যাম্বুলেন্স ব্যবসাই নন, কোনো রকমের ব্যবসায় জড়িত থাকতে পারবেন না।

যাদের নিয়ন্ত্রণে অ্যাম্বুলেন্স

ঢাকা মেডিকেল

* ঢাকা মেট্রো-ছ-৭১-০৯০৪

মালিক: চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেকের ভাগনে ও ওয়ার্ডবয় রাসেল

* ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৭৩

মালিক: কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সুমন আলী

* ঢাকা মেট্রো-ছ-৭১-০৬৬৩

মালিক: দীন ইসলাম ওরফে দীনা

* ঢাকা মেট্রো-ছ-৭১-১৩০৯

মালিক: কর্মচারী নেতা জামাল সর্দার

* সিলেট মেট্রো-ছ-৭১-০০৬৪,

ঢাকা মেট্রো-ছ-৭১-১৩৭৬

ঢাকা মেট্রো-ছ-৭১-২১৩৯

মালিক: ওয়ার্ডবয় মফিজুল ইসলাম

* ঢাকা মেট্রো-ছ-৭১-২২৪৬

মালিক: সুইপার আবুল কালাম

* ঢাকা মেট্রো-ছ-৭১-০২২২

মালিক: ওয়ার্ডবয় কামাল হোসেন

* ঢাকা মেট্রো-ছ-৭১-০২৫৩

মালিক: ওয়ার্ডবয় সাত্তার মাদবর

* ঢাকা মেট্রো-চ-০২-৪৫১০

ঢাকা মেট্রো ছ-৭১-০১৫৬

মালিক: বার্ন ইউনিটের কর্মচারী মো. ফারুক হোসেন

* ফেনী-ছ-৭১-০০০৬

মালিক: হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক ইউসুফ আলী

* ঢাকা মেট্রো-ছ-৭১-০০৮৪

ঢাকা মেট্রো-ছ-৭১-১৩৭১

ঢাকা মেট্রো-ছ-৭১-০০১৫

মালিক অ্যাম্বুলেন্সের চালক নাজির মিয়া

মিটফোর্ড হাসপাতাল

* ঢাকা মেট্রো-ছ-৭১-০০১৫

ঢাকা মেট্রো-ছ-৭৪-০১১১

মালিক: হাসপাতালের পরিচালকের গাড়ির চালক তাজুল ইসলাম

* ঢাকা মেট্রো-ছ-৭১-২৪১৬

মালিক: কর্মচারী ইউনিয়নের সহসভাপতি বাবুল হোসেন

* ঢাকা মেট্রো-ছ-৭১-২১৭৭

মালিক: গাড়িচালক আরিফ হোসেন

* ঢাকা মেট্রো-চ-১৪-৯২৮৭

মালিক: সাবেক সুইপার রুহুল আমিন

* ঢাকা মেট্রো-ছ-৭৪-০০৭৩

মালিক: সাবেক ওয়ার্ডবয় বাবুল হোসেনের ছেলে রাজন

* ঢাকা মেট্রো-ছ-৭১-০০১৩

মালিক: বাবুল হোসেনের ভাই আবুল হোসেন

* ঢাকা মেট্রো-চ-০২-৪০০২

মালিক: ওয়ার্ডবয় জীবনের ভাই

* ঢাকা মেট্রো-ছ-৭১-১৪০-১৭

* ঢাকা মেট্রো (চ ১৪০-১৭)

মালিক: সাবেক ওয়ার্ডবয়ের ছেলে জসিম

* ঢাকা মেট্রো-থ-১১-২২৭৮

মালিক: কর্মচারী ইউনিয়নের নেত্রী শেফালি বেগমের ভাই লেবু কামাল

* ঢাকা মেট্রো-চ-৫১-২৩৪৬

মালিকানা: আয়ার ছেলে শিপলু

পঙ্গু হাসপাতাল

* ঢাকা মেট্রো-ছ-৭১২১৮৪

মালিক: আয়া রোকেয়া বেগমের জামাতা ফিরোজ আহমেদ

* ঢাকা মেট্রো-ছ-৭১-০৬৭৫

মালিক: আয়া নুরজাহানের দেবর আবুল হোসেন