১৪ কেজি সোনা উদ্ধার
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুঁড়ো সাবানের প্যাকেট ও জুতার ভেতর থেকে পৃথক ঘটনায় গত দুদিনে সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে ও মঙ্গলবার রাতে এসব চালান আটক করা হয়।
শুল্ক কর্মকর্তারা বলেন, পোশাক কারখানার পণ্যের কথা বলে গুঁড়ো সাবানের প্যাকেটে আনা হয় ১৪ কেজি ১০০ গ্রাম সোনা। জুতা থেকে সোনা উদ্ধারের ঘটনায় আজর আলী নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসকিউ-৪৪৬ ফ্লাইট) উড়োজাহাজ অবতরণ করে। সিঙ্গাপুর থেকে পাঠানো পণ্য ঢাকার একটি পোশাক কারখানার প্রতিষ্ঠানের নামে আসে। এরপর রাত সাড়ে ১১টার দিকে চালানটি কার্গো ভিলেজে নেওয়ার পর সেটি খুলে ভেতরে গুঁড়ো সাবানের সঙ্গে পাওয়া যায় ১৪ কেজি ১০০ গ্রাম সোনা। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।
কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, শুল্ক কর্মকর্তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই বিমানে সোনার চালান আসছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ শুরু হয়েছে।
এ ছাড়া গতকাল বুধবার সকালে মালয়েশিয়া থকে আসা আজর আলী নামের এক যাত্রীর হাঁটার ধরন দেখে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। এ কারণে কর্মকর্তারা তাঁকে জিজ্ঞেস করে জুতোর ভেতর থেকে ৫০০ গ্রাম সোনা উদ্ধার করেন।