১৪ দলের সভামঞ্চের পাশে বিস্ফোরণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সভামঞ্চের পাশে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতালের নামে সহিংসতার প্রতিবাদে ১৪-দলীয় জোটের চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল ওই জনসভা ডাকা হয়।
বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের ২২ নম্বর ওয়ার্ড সহসভাপতি মোক্তার হোসেন, এখনই সময় পত্রিকার প্রতিবেদক মো. সেলিম ও অনলাইন পত্রিকা ঢাকা রিপোর্টের প্রতিবেদক রিয়াজ আহমেদ।
বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আগেই সভার কাজ শুরু হয়। হামলার সময় মঞ্চে স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ উপস্থিত ছিলেন। তখনো জনসভাস্থলে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অন্য নেতারা পৌঁছাননি। কিছু সময় পর অনুষ্ঠান শুরু হয়ে নির্বিঘ্নেই শেষ হয়।
পরে সভায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেন, সমাবেশ বন্ধ করার জন্য বোমা হামলা চালানো হয়েছে। খালেদা জিয়া মনে রাখবেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল। একটা-দুইটা বোমা ও পেট্রলবোমা মেরে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। সরকারের অগ্রযাত্রা রুদ্ধ করা যাবে না।
সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ বক্তৃতা করেন।
আ.লীগের যৌথ সভা: গতকাল বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের এক যৌথ সভা হয়। সভায় ঢাকার সাংসদ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় ৭ মার্চের জনসভায় বিপুল লোকসমাগমের নির্দেশ দেওয়া হয়। এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা হয়।