১৪ দিন ধরে হিমঘরে গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ১৪ দিন ধরে হিমঘরে পড়ে আছে খুন হওয়া এক গৃহবধূর লাশ। কোথায় হবে লাশের ময়নাতদন্ত—এ ব্যাপারে বাংলাদেশ ও ভারতের সিদ্ধান্তহীনতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল ভোটবাড়িতে ২৭ সেপ্টেম্বর রাতে খুন হন অন্তঃসত্ত্বা গৃহবধূ সেলিনা আক্তার (২৬)। ছিটমহলটি ভারতীয় হওয়ায় ঘটনাস্থলে যেতে পারেনি বাংলাদেশের পুলিশ। হত্যাকাণ্ডের পরদিন বিজিবি বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানায়। ওই দিন বিকেলে ভারতের মেখলিগঞ্জ মহকুমার সদর থানা-পুলিশ বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় বিজিবির সঙ্গে বৈঠকে গৃহবধূর লাশ গ্রহণসহ ঘটনাস্থল পরিদর্শনের কথা জানায়। কিন্তু বিএসএফ ও বিজিবি উভয় পক্ষই নিজ দেশের উচ্চপর্যায়ে বিষয়টি জানাবে বলে বৈঠক শেষ করে। এরপর কোনো সিদ্ধান্ত না হওয়ায় ছিটমহলবাসী ২৯ সেপ্টেম্বর পাটগ্রাম থানায় নিয়ে আসে লাশটি। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এরপর বাংলাদেশে না ভারতে ময়নাতদন্ত হবে, এ সিদ্ধান্তের অপেক্ষায় ১৪ দিন ধরে লাশটি হিমঘরে পড়ে রয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, আইনি জটিলতার কারণে লাশের ময়নাতদন্ত হয়নি। উচ্চপর্যায়ের নির্দেশনার অপেক্ষায় লাশটি হিমঘরে রাখা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
নিহত সেলিনার চাচা জাহেদুল ইসলাম দাবি করেন, ‘সেলিনার স্বামী রুবেল মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। রুবেল নতুন বাড়ি করার পর থেকে আরেকটি বিয়ে করার চেষ্টা করছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন ধরে কলহ চলছিল।’