অপহরণের ১৪ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএর ছাত্র তারিকুল ইসলামকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পাওয়া গেছে। গত শনিবার দুপুরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করেন এক ব্যক্তি। ঢাকায় চিকিৎসা নিয়ে ওই দিন রাতেই তাঁকে গ্রামের বাড়ি জামালপুরের শাহবাজপুরে নিয়ে যান পরিবারের সদস্যরা।
গতকাল রোববার দুপুরে তারিকুলের বড় ভাই সানোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের এক লোক তারিকুলকে বিমানবন্দর এলাকায় একটি সড়কের পাশে শনিবার দুপুরে পড়ে থাকতে দেখেন। তারিকুলকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান ওই লোক। মুঠোফানে তাঁকেও খবর দেন তিনি। শনিবার রাতে চিকিৎসা শেষে তারিকুলকে বাড়িতে নিয়ে যান তাঁরা।
সানোয়ার হোসেন বলেন, রোববার দুপুর থেকে সুস্থবোধ করছেন তারিকুল। কথা বলতে পারলেও অপহরণ এবং এর পরের ঘটনার কথা মনে করতে পারছেন না তারিকুল। তিনি বলেন, ভাইকে ফিরে পাওয়ায় তাঁদের পরিবারে স্বস্তি নেমে এসেছে। সানোয়ার গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মী।
গত ২৪ মার্চ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক এলাকায় তারিকুলের সহপাঠী নুরুল্লাহকে মারধর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় চার দুর্বৃত্ত। এরপর তাঁর মুঠোফোন দিয়ে তারিকুল ইসলামকে ফোন করে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আসতে বলা হয়। তারিকুল সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা নুরুল্লাহকে ছেড়ে দেয় এবং একই গাড়িতে তারিকুলকে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তারিকুলকে অপহরণের ঘটনায় তাঁর সহপাঠী আল আমিন গত ২৭ মার্চ চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারিকুলের সহপাঠী মো. নুরুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাকে মেরে গাড়ি থেকে ফেলে দিয়ে চার দুর্বৃত্ত তুলে নিয়েছিল তারিকুলকে। সে ফিরে আসায় আমরা খুশি।’
তারিকুলকে উদ্ধারের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অপহৃত তারিকুলকে ঢাকায় পাওয়া গেছে। তাঁর সঙ্গে কথা না বলে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।