১৪ দিন পর উদ্ধার ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্র ও ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগকে গতকাল বুধবার চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করা হয়েছে। র্যা ব পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ১৪ দিন পর উদ্ধার করা হলো তাঁকে।
পুলিশ বলেছে, সোহাগকে চোখ বাঁধা অবস্থায় মিরসরাইয়ের একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছিল।
সোহাগকে গতকালই পুলিশ রাজশাহী নিয়ে আসে। রাতে এ বিষয়ে পুলিশ সাংবাদিকদের সঙ্গে কথা বলে।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান গতকাল রাতে অপহৃত সাইফুজ্জামান সোহাগের বরাত দিয়ে বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে সোহাগকে চোখ বাঁধা অবস্থায় অপহরণকারীরা মিরসরাই হাইওয়ের কাছে ফেলে রেখে যায়।
ওসি সাংবাদিকদের বলেন, সোহাগের পরিবারের সদস্যরা যে মামলা করেছিলেন, তাতে এক নারী সহপাঠীর নাম উল্লেখ করা হয়েছে। ওই সহপাঠীকে জিজ্ঞাসাবাদের সূত্রে দুজনকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁদের সূত্রেই সোহাগকে উদ্ধার করা গেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর প্রথম আলোর পক্ষ থেকে মাহমুদুর রহমানের কাছে জিজ্ঞাসা করা হয়, ভোর পাঁচটায় উদ্ধারের পর কীভাবে এত দ্রুত সোহাগকে চট্টগ্রামে গিয়ে নিয়ে আসা সম্ভব হলো? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোর পাঁচটায় সোহাগ মুক্ত হয়ে তাঁর পরিবারের কাছে মুঠোফোনে খবর পাঠান এবং নিজেই ঢাকায় রওনা হয়ে যান। পরিবারের সদস্যরা পুলিশের কাছে বিষয়টি জানান। খবর পেয়ে সোহাগের পরিবারের সদস্যরা ও রাজশাহীর পুলিশ ঢাকায় গিয়ে ঢাকা থেকে সোহাগকে রাজশাহীতে নিয়ে আসেন।
মাহমুদুর রহমান বলেন, সোহাগকে চিকিৎসার জন্য প্রথমে চিকিৎসকদের কাছে নেওয়া হয়। সেখান থেকে আবার পুলিশের হেফাজতে নেওয়া হয়। তিনি জানান, আজ বৃহস্পতিবার সোহাগকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হবে। আদালত নির্দেশ দিলে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৯ ডিসেম্বর দিবাগত রাত তিনটার সময় র্যা ব পরিচয়ে ৮ থেকে ১০ জন সাদা মাইক্রোবাসে করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামানকে বাড়ি থেকে তুলে নেন। ১১ ডিসেম্বর তাঁর পরিবার রাজশাহী শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলে, অহরণকারীরা সাইফুজ্জামানের ক্যামেরা, ল্যাপটপ ও তাঁর স্ত্রীর গয়না নিয়ে যায়। ১৩ ডিসেম্বর তাঁর বাবা আক্কাস উজ জামান থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় র্যা ব ও ডিবি পুলিশের পোশাকধারী অজ্ঞাতনামাদের আসামি করা হয়।