১৪ মণ্ডপে প্রতিমা ভাঙচুর
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার আয়োজন করা হলেও কয়েকটি স্থানে ইতিমধ্যে প্রতিমা ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব কারণে ওই সব এলাকায় পূজার আমেজ অনেকটা ম্লান হয়ে গেছে।
গত দুই সপ্তাহে আটটি জেলার ১৪টি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। তবে ওই সব স্থানে প্রতিমা পুনর্নির্মাণ করে পূজার আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ জানান, দেশের ১৫টি জেলায় ২২টি দুর্গাপূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
অনেক স্থানে পূজা উদ্যাপন কমিটি ও গ্রামবাসী সার্বক্ষণিক মণ্ডপ ও প্রতিমা পাহারায় রাখছে। এসব ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও একটি ঘটনা ছাড়া বাকিগুলোতে অভিযুক্ত কেউ গ্রেপ্তার হয়নি। গভীর রাত ও ভোরের দিকে অধিকাংশ স্থানে এসব হামলা হওয়ায় স্থানীয়রা কাউকে শনাক্ত করতে পারেননি।
সবচেয়ে বড় হামলা হয় কিশোরগঞ্জে। গত বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জের বকুলতলা, অনির্বাণ সংঘ, নতুন পল্লি সংঘ, গোপাল ভবন ও হরিজন পল্লি—এই পাঁচটি মণ্ডপে প্রতিমা ভাঙচুর হয়। কুমিল্লার মনোহরগঞ্জে ১৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা সরশপুর দাশপাড়া এলাকার পূজামণ্ডপে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে।
স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ পৌর শহরে পাঁচটি, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুটি এবং কুমিল্লার মনোহরগঞ্জ, জামালপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নেত্রকোনার মদন, ফরিদপুরের ভাঙ্গা, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি করে মণ্ডপে প্রতিমা ভাঙচুর হয়েছে।
কিশোরগঞ্জ পৌর শহরের অনির্বাণ সংঘের পূজা উদ্যাপন কামিটির সাধারণ সম্পাদক রাধাকান্ত ভট্টাচার্য বলেন, ‘যেদিন দুর্গা, গণেশ ও কার্তিকের মাথা ভেঙে ফেলা হলো, সেদিন মনে হয়েছিল আমার মাথা যেন কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
এ ঘটনায় করা মামলার বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দিন-রাত অভিযান চলছে। কেউ গ্রেপ্তার না হলেও পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হচ্ছে।
কসবা থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, ভরাজাঙ্গাল গ্রামের আলী আকবরের সঙ্গে গ্রামের স্বপন দাসের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। ২২ সেপ্টেম্বর সকালে এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আলী আকবরের লোকজন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী আকবরসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিমা মেরামতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম।
চিরিরবন্দরের চরকডাঙ্গার হাট ও তারাকালীবাড়িতে দুটি পূজামণ্ডপে ভাঙচুরের পর হিন্দু সম্প্রদায়ের লোকজন এ বছর পূজা না করার সিদ্ধান্ত নেন। পরে প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ও নিরাপত্তা দেওয়ার শর্তে তাঁরা পূজা আয়োজনে সম্মত হন।
জামালপুরের গোপালপুর ঋষিপাড়া দুর্গামন্দিরের সভাপতি বিকাশ বাবু ও নেত্রকোনার মদন উপজেলার ধোপাপাড়া পূজামণ্ডপের আয়োজক নারায়ণ দাস বলেন, প্রতিমা ভাঙচুরের পর থেকেই কমিটির লোকজন ও গ্রামবাসী পালা করে মন্দির ও মণ্ডপ পাহারা দিচ্ছেন।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘পূজামণ্ডপ ভাঙলে আমাদের মনটাও ভেঙে যায়। তবু ওই সব স্থানে প্রতিমা পুনর্নির্মাণ করে পূজার আয়োজন করা হচ্ছে।’
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ভৈরব; দিনাজপুর ও ফরিদপুর অফিস; নেত্রকোনা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া), মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি এবং জামালপুর সংবাদদাতা}