পরীক্ষার হলে দেয়ালঘড়ির কাঁটা ঘুরিয়ে পরীক্ষার কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে এক শিক্ষককে ১৪ মাস ধরে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। এ অবস্থায় তাঁকে সরকারি ভাতাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই শিক্ষক হলেন ইয়াকুব আলী। তিনি খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী-কপিলমুনি ডিগ্রি মহিলা কলেজের প্রভাষক। তাঁকে গত বছরের জুনে বরখাস্ত করা হয়। বরখাস্তের চিঠিতে বলা হয়, ২০১৫ সালের এইচএসসি পরীক্ষা ও কলেজের বার্ষিক পরীক্ষায় ইয়াকুব আলী ঘড়ির কাঁটা ঘুরিয়ে রাখেন। এতে পরীক্ষার সময় নিয়ে ঝামেলা তৈরি হয়। এ কারণে কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইয়াকুব আলী। সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলেজের অধ্যক্ষ বিভিন্নভাবে তাঁকে হয়রানি করছেন। তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
কলেজ সূত্র জানায়, ইয়াকুব আলীকে সাময়িক বরখাস্ত করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। এর প্রধান ছিলেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ সরদার মনিরুল ইসলাম। তিনি প্রতিবেদন না দিয়ে প্রায় চার মাস আগে কমিটি থেকে অব্যাহতি নেন।
মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত করতে কমিটির অন্য সদস্যদের নিয়ে সরেজমিনে ওই কলেজে গিয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথাও বলেছি। কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগে নানামুখী চাপে বিব্রত বোধ করে অব্যাহতি নিয়েছি। কারণ, নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া কঠিন ছিল। কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক ইয়াকুব আলী সমসাময়িক নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন কারণে তাঁদের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব ছিল। ২০০৭ সালে বিভিন্ন অভিযোগ তদন্ত করে কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দীনকে সাময়িক ও ২০০৯ সালে স্থায়ীভাবে বরখাস্ত করেন। কিন্তু পরে মামলা করলে তাঁর পক্ষে রায় হয়। ওই ঘটনার পেছনে ইয়াকুবের হাত ছিল বলে অধ্যক্ষ মনে করেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীনের মুঠোফোনে গতকাল একাধিকবার কলা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কলেজের পরিচালনা কমিটির সভাপতি শহর আলী গাজী বলেন, ইয়াকুব আলী জঙ্গি মামলার আসামি। তিনি কলেজে যান না। এ কারণে তাঁর সরকারি খোরপোশ ভাতা দেওয়া হচ্ছে না। তবে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলে তাঁর বরখাস্তের আদেশ তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে।