১৪ লাখের মধ্যে ১০ লাখই গেছে কর্মকর্তার পকেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় যুব উন্নয়নের একটি প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষকেরা বলেছেন, প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা প্রায় ১০ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’র আওতায় গত মার্চ, এপ্রিল ও মে মাসে এ মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রশিক্ষণ।
প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে গৌরনদীর ৯১৯ জন শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা অংশ নেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষিসহ বিভিন্ন বিষয়ের ওপরে প্রশিক্ষণ দেওয়ার জন্য ৩২ জনকে প্রশিক্ষক নির্বাচিত করা হয়। তাঁরা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। প্রশিক্ষকদের ভাতা ছিল ক্লাসপ্রতি ৫০০ টাকা। সব মিলিয়ে প্রশিক্ষকদের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ ছিল আরও ৬৫ হাজার টাকা।
প্রশিক্ষকদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুসারে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সব মিলিয়ে চারটি ক্লাস হওয়ার কথা। কিন্তু গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রশিক্ষণকালীন তিন মাসে নিজেই ৫৫২টি ক্লাস নিয়েছেন বলে দেখিয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে তিনিই আটটির বেশি ক্লাস নিয়েছেন। এ জন্য ভাতা হিসাবে তিনি মোট ২ লাখ ৭৬ হাজার টাকা নিয়েছেন। আবার নামে-বেনামে প্রশিক্ষকের হাজিরা দেখিয়ে সেই টাকাও আত্মসাৎ করেছেন তিনি। আর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য দুটি ব্যানার বাবদ মাত্র ১ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ৬৫ হাজার টাকা খরচ দেখিয়ে তুলে নিয়েছেন সিদ্দিকুর।
প্রশিক্ষকেরা আরও অভিযোগ করেন, প্রশিক্ষকদের পাওনা টাকাও যথাযথভাবে পরিশোধ করেননি কর্মকর্তা সিদ্দিকুর। বরাদ্দ ভাতার একটা অংশ তাঁদের দিয়ে সাদা কাগজে (শিট) স্বাক্ষর নিয়ে বাকিটা মেরে দিয়েছেন তিনি। সব মিলিয়ে সিদ্দিকুরের পকেটে গেছে প্রায় ১০ লাখ টাকা।
প্রশিক্ষকের হাজিরা শিটে দেখা যায়, গৌরনদী উপজেলা প্রািণসম্পদ কর্মকর্তা আশুতোষ রায় মার্চ মাসে ৪২টি, এপ্রিল মাসে ৪৮টি ও মে মাসে ৩৯টি ক্লাস নেন। মোট ১২৯টি ক্লাসের জন্য তাঁর ৬৪ হাজার ৫০০ টাকা পাওয়ার কথা। কিন্তু আশুতোষ জানান, যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমান তাঁকে মাত্র ৩৫ হাজার টাকা দিয়েছেন। বাকিটা আত্মসাতের সুবিধার্থে তিনি টাকার অঙ্ক শিটে না লিখেই তাঁর সই নেন।
একই ধরনের অভিযোগ করেন গৌরনদী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম ও মো. বদিউজ্জামান, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিশ্বজিৎ বকসী, পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর বিপ্লব চন্দ্র বড়ালসহ অন্তত ২০ জন প্রশিক্ষক। এমনকি প্রশাসনের একজন কর্মকর্তাও এমন অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘তিন মাসে আমি দেড় শতাধিক ক্লাস নিয়েছি। সেখানে যুব উন্নয়ন কর্মকর্তা আমাকে মাত্র ২৯ হাজার টাকা দিয়েছেন।’
তবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রত্যেক প্রশিক্ষককে হাজিরা অনুযায়ী ভাতার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচির গৌরনদী উপজেলা সভাপতি মো. মাহবুব আলম বলেন, ‘অভিযোগ সঠিক নয়। তা ছাড়া কেউই আমার কাছে অভিযোগ করেনি।’ প্রসঙ্গত মাহবুব আলম নিজেও প্রশিক্ষক হিসেবে ছিলেন। তিন মাসে তিনি ৩৩০টি ক্লাসে হাজিরা দেখিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা ভাতা গ্রহণ করেছেন।
গৌরনদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার বলেন, ‘যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রশিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছেন। ভাতাপ্রাপ্তির সাদা শিটে স্বাক্ষর নিয়ে তিনি প্রশিক্ষকদের টাকা আত্মসাৎ করেছেন বলে শুনেছি। মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’