১৪ শিক্ষকের ১২ জনই বিদ্যালয়ে অনুপস্থিত
বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার জেলা শিক্ষা কার্যালয় থেকে ওই নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন সোমবার সকাল সাড়ে ১০টায় কাজীর চওড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে উপস্থিত হন। তখন তিনি সহকারী শিক্ষক মণি মোহন রায় ও বিনতা রানী রায় ছাড়া কোনো শিক্ষককে পাননি। তিনি ওই দিন বেলা পৌনে ১১টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করেন। ওই সময় পর্যন্ত তিনি অন্য ১২ জন শিক্ষককে বিদ্যালয়ে হাজির হতে দেখেননি। এ পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকসহ অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ এমপিও স্থগিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর কেন সুপারিশ করা হবে না মর্মে সন্তোষজনক জবাব ২৮ আগস্টের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর দাখিল করতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম খান বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে সোমবার তাঁর বিদ্যালয়ে উপস্থিত হতে দেরি হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় চত্বর ত্যাগ করার পর তিনি বিদ্যালয়ে উপস্থিত হন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়-সংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষককেরা শুধু গতকাল নয়, অন্যান্য দিনও এভাবে দেরি করে বিদ্যালয়ে আসেন এবং নির্ধারিত সময়ের আগে বাড়ি চলে যান। প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কোথাও অভিযোগ করার সাহস পান না।